• সারোগেসির ক্ষেত্রে দম্পতির বয়স যাচাই ম্যাজিস্ট্রেটের কাজ নয়, জানাল হাইকোর্ট
    বর্তমান | ০১ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সারোগেসির ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের এক্তিয়ার বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। সারোগেসিতে ইচ্ছুক দম্পতির বয়স বা স্বাস্থ্য সংক্রান্ত তথ্য যাচাই করা ম্যাজিস্ট্রেটের কাজ নয়। তার জন্য পৃথক কর্তৃপক্ষ রয়েছে। ম্যাজিস্ট্রেট সারোগেসির পরবর্তী পর্যায়ে আইনি বিষয়গুলি বিবেচনা করতে পারে বলে জানিয়ে দিয়েছে হাইকোর্ট। 

    সারোগেসির মাধ্যমে সন্তান নিতে চেয়ে আলিপুর আদালতের অতিরিক্ত জেলা বিচারকের কাছে আবেদন করেছিলেন দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা সৌমেন সেন এবং তাঁর স্ত্রী। তার আগে জেলা মেডিকেল বোর্ড থেকে প্রয়োজনীয় কাগজপত্রও তাঁরা সংগ্রহ করেন। কিন্তু অভিযোগ, দম্পতির মেডিকেল শংসাপত্র এবং সারোগেট মায়ের বিভিন্ন শংসাপত্র যাচাই করে তাঁদের আবেদন খারিজ করে ম্যাজিস্ট্রেট জানিয়ে দেন তাঁদের শংসাপত্রগুলির বৈধতার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। আবেদনকারী বাবার বয়স নিয়েও অসন্তোষ প্রকাশ করে ম্যাজিস্ট্রেট বলেন, ৫৫ বছর পেরিয়ে যাওয়ায় সারোগেসির মাধ্যমে সন্তান নেওয়ার উপযুক্ত নন তিনি। এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই  দম্পতি। সেই মামলাতেই ম্যাজিস্ট্রেটের নির্দেশও খারিজ করে দেওয়ার পাশাপাশি সাত দিনের মধ্যে তাঁকে দম্পতির আবেদন বিবেচনা করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ।

     
  • Link to this news (বর্তমান)