• ছাত্র আন্দোলনকে সমর্থন করলেন প্রাক্তন বিজেপি বিধায়কের কন্যা
    বর্তমান | ০১ আগস্ট ২০২৬
  • নয়াদিল্লি: শুধু রাজনীতির ময়দানে নয়, শাসক শিবিরের নেতানেত্রীদের চাপ বাড়ছে পরিবারের অন্দরেও। এবার ছাত্রছাত্রীদের আন্দোলনকে সমর্থন জানালেন আরও এক বিজেপি নেতার কন্যা। কন্টেন্ট ক্রিয়েটর যশোস্বিনী রাজে সিং হলেন উত্তরপ্রদেশের ফতেপুর সদরের প্রাক্তন বিধায়ক বিক্রম সিংয়ের মেয়ে। যন্তরমন্তরে সিজেপির প্রতিবাদে অংশও নিয়েছিলেন তিনি। এক সাক্ষাৎকারে যশোস্বিনী বলেছেন, নতুন শিক্ষামন্ত্রী হিসাবে প্রহ্লাদ যোশির নিয়োগ ‘হতাশাজনক রসিকতা’ ছাড়া আর কিছুই নয়। তিনি সুর চড়িয়েছেন সদ্য ইস্তফা দেওয়া ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধেও। যশোস্বিনী বলেছেন, প্রাক্তন শিক্ষামন্ত্রী পদত্যাগের কারণ হিসাবে যুক্তি দিয়েছেন, ‘দেশ বিরোধী শক্তিগুলি’ যাতে পরিস্থিতির সুযোগ নিতে না পারে সেজন্য তিনি সরে দাঁড়ালেন। তাঁর ওই মন্তব্য সমর্থনযোগ্য নয়। সিজেপির আন্দোলনকেও খোলাখুলি সমর্থন জানিয়েছেন যশোস্বিনী। প্রাক্তন বিজেপি বিধায়কের কন্যা বলেছেন, ‘সিজেপি মিম, উদ্ভাবনী বার্তা এবং ইনস্টাগ্রামের মাধ্যমে অরাজনৈতিক জনমতকে উজ্জীবিত করার ক্ষেত্রে দারুণ কাজ করেছে।’ কিন্তু বাবা তো বিজেপি নেতা। তাঁর সঙ্গে রাজনৈতিক মতামতের আদানপ্রদান চলে? এই প্রশ্নের জবাবে যশোস্বিনী বলেন, রাজনীতি নিয়ে বাবার সঙ্গে কোনো কথা হয় না। আমি আর্থিকভাবে স্বনির্ভর। একা থাকি। বেশ কয়েক বছর ফতেপুর সদরে যাওয়াই হয়নি। 
  • Link to this news (বর্তমান)