শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ খুনে সিবিআইয়ের জালে আরও ২
বর্তমান | ০১ আগস্ট ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় আরও দু’জনকে গ্রেপ্তার করেছে সিবিআই। ধৃতদের নাম সাগর সোনকর ও সাহেব সোনকর। সম্পর্কে এরা দুই ভাই। উত্তর কলকাতা থেকে তাদের গ্রেপ্তার করে শুক্রবার আদালতে তোলা হলে বিচারক দু’জনকেই ৭ দিনের সিবিআই হেপাজতের নির্দেশ দেন।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, ধৃত দু’জন আগে থেকেই চন্দ্রনাথ রথের পরিচিত ছিল। ২০২০ সাল পর্যন্ত তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিল বলে তদন্তকারীদের দাবি। ওই বছরই তারা বিজেপিতে যোগ দিয়েছিল। তদন্তে উঠে এসেছে, ধৃতদের মাধ্যমেই প্রায় ৪০ লক্ষ টাকা উত্তরপ্রদেশের শার্প শ্যুটারদের কাছে পৌঁছেছিল বলে সন্দেহ করছে সিবিআই। উত্তরপ্রদেশে তাদের নিয়মিত যোগাযোগ ছিল এবং সেখানে তাদের বাড়িঘরেরও খোঁজ মিলেছে বলে তদন্তকারী সংস্থার দাবি। সিবিআই আরও জানিয়েছে, সাগর ও সাহেব, দু’জনের বিরুদ্ধেই একাধিক অপরাধমূলক মামলার রেকর্ড রয়েছে। তবে এই খুনের সুপারি বা বরাত তাদের কে দিয়েছিল, সেই প্রশ্নের উত্তর এখনও খুঁজছে তদন্তকারী সংস্থা। পাশাপাশি তদন্তে উঠে এসেছে, চন্দ্রনাথ রথকে খুনের আগে ধৃত সাহেব একটি বিরোধী রাজনৈতিক দলের নেতার সঙ্গে ল্যান্ডলাইনে যোগাযোগ করেছিল।