• যান নিয়ন্ত্রণে ৮০০ অস্থায়ী হোমগার্ড নিচ্ছে লালবাজার, ছাড়পত্র দিল নবান্ন
    বর্তমান | ০১ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অস্থায়ী ভিত্তিতে ফের কলকাতা পুলিশ ৮০০ হোমগার্ড নিতে চলেছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র দপ্তর এ সংক্রান্ত ছাড়পত্র দিয়েছে কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দাকে। এর জন্য নবান্ন ১০ কোটি ৮৮ লক্ষ টাকা মঞ্জুর করেছে। লালবাজারের এক বিশেষ সূত্রে এই খবর জানা গিয়েছে।  

    কলকাতা ট্রাফিক পুলিশ সূত্র খবর, দীর্ঘদিন ধরে বিদ্যাসাগর সেতুর মেরামতি এবং সংস্কারের কাজ চলছে। বছরভর এই কাজ চলার কথা। আগামী দিনে এই কাজের জন্য শহরজুড়ে বড়ো যানজটের আশঙ্কা করছে ট্রাফিক পুলিশ। সেকথা মাথায় রেখে যান নিয়ন্ত্রণের জন্য অস্থায়ী ভিত্তিতে হোমগার্ড নিয়োগের রাজ্যকে প্রস্তাব পাঠিয়েছিল লালবাজার। এতদিনে সেই প্রস্তাবে ছাড়পত্র দিল নবান্ন। এই হোমগার্ডদের কলকাতার প্রায় সব ট্রাফিক গার্ড এলাকায় মূলত যান নিয়ন্ত্রণের কাজে লাগানো হবে। সব ঠিক থাকলে আগামী ১ আগস্ট থেকেই তাঁরা রাস্তায় নেমে কাজ শুরু করবেন বলে জানা গিয়েছে। 

    উল্লেখ্য, তৃণমূল আমলে প্রায় এক যুগ কলকাতা পুলিশে কনস্টেবল নিয়োগ বন্ধ ছিল। তার ফলে কলকাতা পুলিশের ট্রাফিক গার্ডের পাশাপাশি থানা-ফাঁড়িতেও পর্যাপ্ত সংখ্যক কনস্টেবল নেই। সিভিকদের কাজে নামিয়ে জোড়াতালি দিয়ে কাজ চালাতে হচ্ছে ট্রাফিক গার্ডগুলিকে। ৮০০ নতুন হোমগার্ড কাজ শুরু করলে সেই সমস্যার কিছুটা হলেও সমাধান হবে বলে আশাবাদী ট্রাফিকের অফিসাররা।  
  • Link to this news (বর্তমান)