• আজ থেকে কলকাতা পুলিশের সব থানায় চালু ই-জিডি
    বর্তমান | ০১ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ শনিবার থেকে কলকাতা পুলিশের সমস্ত থানায় চালু হচ্ছে ই-জিডি ব্যবস্থা। এবার থেকে কেউ থানায় অভিযোগ জানাতে এলে নির্দিষ্ট ডিজিটাল ফর্মে তথ্য নথিভুক্ত করবে সংশ্লিষ্ট থানার পুলিশ। ফর্মটি অনলাইনে নথিভুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই অভিযোগকারীর মোবাইলে জিডি নম্বর সহ একটি কনফার্মেশন মেসেজ পৌঁছে যাবে। পুলিশ সূত্রে দাবি, এতদিন অনেক ক্ষেত্রেই থানাগুলোর জিডি নিতে গড়িমসি করা, অভিযোগকারীকে দীর্ঘক্ষণ অপেক্ষা করানো বা নানা প্রশ্নের মুখে পড়ার অভিযোগ উঠত। ফলে জিডিতে ‘রিয়েল টাইম’ উল্লেখ না থাকায়, বিশেষ করে নিখোঁজ সংক্রান্ত তদন্তে বড় সমস্যা হত। নতুন ব্যবস্থায় সেই সমস্যা দূর হবে। ডিজিটাল নথিভুক্তির ফলে তথ্য বিকৃতি বা প্রমাণ লোপাটের আশঙ্কাও কমবে বলে দাবি পুলিশের। তবে আপাতত কিছুদিন ই-জিডির পাশাপাশি অফলাইনে জিডি করার সুযোগও থাকবে। পরে ধাপে ধাপে রাজ্যের সব পুলিশ কমিশনারেট ও জেলাগুলোতেও এই ব্যবস্থা কার্যকর করা হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রের এই প্রকল্প দেশের একাধিক রাজ্যে আগেই কার্যকর হলেও বিগত সরকার আমলে পশ্চিমবঙ্গে তা চালু করা সম্ভব হয়নি।
  • Link to this news (বর্তমান)