• অপরাধীদের সাজার হার বাড়াতে সরকারি আইনজীবীদের সঙ্গে বৈঠক পুলিশের
    বর্তমান | ০১ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তৃণমূল আমলে অপরাধীদের সাজার হার কমে গিয়েছিল বলে নবান্ন সূত্রে খবর। অধিকাংশ ক্ষেত্রে পুলিশ যথেষ্ট তথ্যপ্রমাণ আদালতে দাখিল করতে পারত না। ফলে অপরাধী খালাস পেয়ে যাচ্ছিল বা শাস্তির বহর কমে যাচ্ছিল বলে অভিযোগ। তাই সাজার হার বাড়াতে তৎপর হল নতুন সরকার। শুক্রবার এ বিষয়ে কলকাতার তিনটি আদালতের সরকারি আইনজীবীদের নিয়ে বৈঠক করলেন লালবাজারের শীর্ষকর্তারা। সেখানে রিমান্ডকে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়। অভিযুক্ত যাতে সহজেই জামিন না পেয়ে যায়, তার জন্য পুলিশ ও আইনজীবীদের মধ্যে সম্বন্বয় বৃদ্ধির উপর জোর দেওয়া হয়েছে। আরও বেশি তথ্যপ্রমাণ সংগ্রহ করতে বলা হয়েছে পুলিশকে,  যাতে সরকার পক্ষের আইনজীবীরা তা আদালতে তুলে ধরে সাজা নিশ্চিত করতে পারেন। সরকারি আইনজীবীরা জানান, অনেক ক্ষেত্রে পুলিশ বিএনএসএসের নিয়ম অনুযায়ী ‘গ্রাউন্ড অব অ্যারেস্ট’-এর কলাম ঠিকমতো পূরণ করছে না। অভিযুক্ত পক্ষের আইনজীবী আদালতে তা তুলে ধরে জামিন আদায় করে নিচ্ছেন। তাই এ বিষয়ে আরও সতর্ক থাকার কথা বলা হয়েছে। অনেক ক্ষেত্রে বিভিন্ন থানা একেবারে শেষ মুহূর্তে অভিযুক্তকে নিয়ে আসছে। যে কারণে সরকারি আইনজীবী বিভিন্ন নথি ঠিকমতো পড়ার সুযোগই পাচ্ছেন না। তাই সমস্ত থানাকে নির্দেশ পাঠানো হচ্ছে, যাতে সময়মতো অভিযুক্তকে আদালতে পাঠানো যায়।
  • Link to this news (বর্তমান)