নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৈদ্যুতিক তার অনেকদিন ধরেই ঝুলছে। কেউ সেইভাবে নজর দিচ্ছিলেন না। আবার কেউ হয়তো দেখেও এড়িয়ে যাচ্ছিলেন। এবার সেই বিষয়গুলিতে নজরদারির জন্য বিশেষ কমিটি গঠন করল কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। একইসঙ্গে বিমানবন্দরের পরিষ্কার-পরিচ্ছন্ন ঠিকভাবে হচ্ছে না, তা দেখার জন্যও আলাদা কমিটি গঠন করা হয়েছে।
একটি কমিটি হল ডেইলি মেনটেনেন্স গ্রুপ। এই গ্রুপে বিমানবন্দরের উচ্চ পদাধিকারীরা রয়েছেন। প্রতিদিন দু’ঘণ্টা বিমানবন্দর পরিদর্শন করেন এই গ্রুপের আধিকারিকরা। ছোটো ছোটো বিষয়েও নজর দেওয়া হচ্ছে। আধিকারিকদের বক্তব্য, বৈদ্যুতিক তার ঝুলে রয়েছে, সুইচ খারাপ, এসি ঠিক কাজ করছে না, দরজার লক খারাপের মতো বিষয়গুলি নজর দিচ্ছে এই কমিটি। আবার বিমানবন্দরের কোনো অংশে লাইট খারাপ। কিন্তু অনেকদিন ধরে তা মেরামত করা হচ্ছে না। সেদিকেও নজর দেবে এই কমিটি। এছাড়াও তৈরি হয়েছে ডেইলি হাউস কিপিং গ্রুপ। তারাও প্রত্যেকদিন বিমানবন্দরের সবদিক পর্যবেক্ষণ করবে। অন্যদিকে, গত পাঁচ দিন ধরে সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে প্রশিক্ষণ হয়েছে। সেখানে বলা হয়েছে, সম্ভাব্য বিপদকে আগে থেকে শনাক্ত করতে হবে।