ব্যবহার করা হত ‘হানি ট্র্যাপ’ হিসেবে, জালে জঙ্গি হামিমের সেই সুন্দরী বান্ধবী
বর্তমান | ০১ আগস্ট ২০২৬
কলকাতা, ১ আগস্ট: জঙ্গি সন্দেহে গতকাল বর্ধমান থেকে হামিম মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে বেঙ্গল এসটিএফ। এবার তদন্তকারীদের জালে তার সুন্দরী বান্ধবী। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে অর্পিতা সরকার নামে ওই মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে তাঁকে বর্ধমান হয়ে আনা হয়েছে কলকাতায়।
বৃহস্পতিবার বর্ধমানের রেনেসাঁ উপনগরীতে অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে হামিমকে গ্রেপ্তার করা হয়েছিল। সে পাক জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদের সক্রিয় সদস্য বলেই দাবি করা হচ্ছে। হামিমকে জেরা করে ইতিমধ্যে একাধিক চাঞ্চল্যকর তথ্য তদন্তকারীদের হাতে এসেছে। বর্ধমানে বসেই সে নতুন একটি জঙ্গি মডিউল তৈরির কাজ করছিল। বান্ধবী অর্পিতাকে ব্যবহার করত ‘হানি ট্রাপ’ হিসেবে। অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় প্রেমের ফাঁদ পেতে প্রথমে ঘনিষ্ঠতা। তারপর মগজ ধোলাই করে সুযোগ মতো ‘টার্গেটকে’ কব্জা করা। এভাবে গোপন তথ্য হাতানো বা জঙ্গি দলে টেনে আনা। এই ছিল অর্পিতার কাজ। যদিও কাদের ফাঁদে ফেলার ‘অ্যাসাইনমেন্ট’ অর্পিতাকে দেওয়া হয়েছিল এবং সে তার লক্ষ্যে সফল কি না, তা তদন্ত করে দেখছেন বেঙ্গল এসটিএফের আধিকারিকরা। হামিম মণ্ডল ও অর্পিতাকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে বলে সূত্রের খবর।