সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা বরাহনগরে। মৃত দুই স্কুল পড়ুয়া এবং গুরুতর জখম তাদের বাবা। শনিবার সকালে বরাহনগরের অনন্যা সিনেমা হল সংলগ্ন বিটি রোডে দুর্ঘটনা ঘটে। একটি স্কুটির সঙ্গে ট্রাকের ধাক্কা লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারা সকলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে দুই পড়ুয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তাদের বাবা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি।
পুলিশ জানিয়েছে, মৃতদের নাম আরাধ্য সাউ (৯) ও আরভ সাউ (৬)। দু'জনেই ডানলপের একটি বেসরকারি স্কুলে পড়ত। গুরুতর জখম হয়েছেন তাদের বাবা অভিষেক সাউ। এ দিন স্কুটিতে চাপিয়ে দুই ছেলেকে স্কুলে দিতে যাচ্ছিলেন অভিষেক। সেই সময়েই দুর্ঘটনা ঘটে। বিটি রোডের কাছে রাস্তার ধারে স্টোনচিপস ফেলে রাখা হয়েছিল। সেই স্টোনচিপসের পাস দিয়ে যাওয়ার সময়ে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন স্কুটির চালক। সেই সময়ে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকে ধাক্কা লাগে স্কুটির। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই পড়ুয়ার।
দুর্ঘটনার খবর জানাজানি হতেই ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই বরাহনগর থানায় খবর দেন। প্রত্যক্ষদর্শী এবং পুলিশের দাবি, দুই পড়ুয়ার কারও মাথায় হেলমেট ছিল না। স্থানীয়দের অভিযোগ, রাস্তার পাশে থাকা গাছের জন্য সিগনাল ঠিক করে দেখতে পাওয়া যায় না। তাঁদের আরও অভিযোগ, রাস্তার উপরে স্টোনচিপস পরে থাকার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে।
পুলিশ দুই পড়ুয়ার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। একই সঙ্গে আটক করা হয়েছে ট্রাকটি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় সাময়িক যানজটের সৃষ্টি হয়েছিল ওই এলাকায়। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গিয়েছে।
বরাহনগরের অনন্যা সিনেমা হল সংলগ্ন বিটি রোডে শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
দুই স্কুল পড়ুয়ার মৃত্যু হয়েছে।
মৃতদের নাম আরাধ্য সাউ (৯) এবং আরভ সাউ (৬)।
দুই পড়ুয়ার বাবা অভিষেক সাউ গুরুতর জখম হয়েছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন।