• এক মুহূর্তে শেষ সব! বিটি রোডে লরির ধাক্কায় প্রাণ হারাল খালসা মডেল স্কুলের দুই পড়ুয়া
    News18 বাংলা | ০১ আগস্ট ২০২৬
  • বরানগরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ গেল খালসা মডেল স্কুলের দুই পড়ুয়ার। শনিবার সকালে বরানগরে ঘটে গেল এমনই মর্মান্তিক পথ দুর্ঘটনা। বরানগরের অনন্যা সিনেমা হল সংলগ্ন বিটি রোডে এই দুর্ঘটনায় প্রাণ হারায় খালসা মডেল স্কুলের দুই পড়ুয়া। ঘটনায় গুরুতর আহত হন তাঁদের বাবা। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাস্তার ধারে স্টোনচিপস ফেলে রাখা ছিল। স্কুটারটি সেই স্টোনচিপস এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিক থেকে আসা একটি লরির সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে স্কুটার থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই শিশুর। প্রত্যক্ষদর্শীদের দাবি, মৃত দুই পড়ুয়ার একজনের বয়স প্রায় ৭ বছর এবং অন্যজনের বয়স প্রায় ৯ বছর। তাদের মাথায় হেলমেট ছিল না, যদিও তারা রেইনকোট পরা অবস্থায় ছিল বলে জানা গিয়েছে।

    আরও পড়ুনঃ রেশনে চোখের মণি স্ক্যান বাধ্যতামূলক নয়, রাজ্যের সিদ্ধান্তে আপত্তি কেন্দ্রের

    দুর্ঘটনার খবর পেয়ে বরানগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই পড়ুয়ার দেহ উদ্ধার করে। আহত বাবাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। রাস্তার ধারে স্টোনচিপস ফেলে রাখার বিষয়টি দুর্ঘটনার অন্যতম কারণ কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ। মৃত ছাত্রদের নাম আরাধ্য সাউ (৯) ও আরভ সাউ (৬)। তাদের বাবার নাম অভিষেক সাউ।

    উল্লেখ্য, ২০১৬ সালে বরানগরের সবেদাবাগান বাসস্টপের কাছে বিটি রোডে একটি বেপরোয়া বাস স্কুটারকে ধাক্কা দিলে ডানলপ খালসা মডেল স্কুলের নার্সারি বিভাগের দুই পড়ুয়ার মৃত্যু হয়েছিল। প্রায় এক দশক পর একই স্কুলের দুই পড়ুয়ার প্রাণহানির ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকাজুড়ে। গোটা ঘটনার তদন্তে পুলিশ।
  • Link to this news (News18 বাংলা)