ফের বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু! কতক্ষণ স্তব্ধ হবে যাতায়াত? কোন বিকল্প রূট ব্যবহার করবেন?
News18 বাংলা | ০১ আগস্ট ২০২৬
মেরামতি কাজের জন্য রবিবার যান চলাচল বন্ধ দ্বিতীয় হুগলী সেতু বা বিদ্যাসাগর সেতুতে! হাওড়া ও কলকাতার মধ্যে সংযোগকারী অন্যতম প্রধান মাধ্যম দ্বিতীয় হুগলি সেতু (বিদ্যাসাগর সেতু) । দীর্ঘমেয়াদী সংস্করণ কাজের অঙ্গ হিসাবে ২ আগষ্ট রবিবার সেতু মেরামতির কারণে যান চলাচলে নিষেধাজ্ঞা। একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা ট্রাফিক পুলিশ।
পুলিশের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২ আগস্ট, ২০২৬ (রবিবার) সকাল ৬টা থেকে দুপুর ২ টো পর্যন্ত টানা ৮ ঘণ্টা বিদ্যাসাগর সেতুতে সমস্ত প্রকার যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। সেতুর সুরক্ষা ও স্থায়িত্ব বজায় রাখার লক্ষ্যে দীর্ঘমেয়াদি সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজ চলাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, এই নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যাসাগর সেতুর স্টে ক্যাবল (Stay Cables), হোল্ডিং ডাউন ক্যাবল (Holding Down Cables) এবং বিভিন্ন বেয়ারিং (Bearings) পরিবর্তন ও মেরামতির মত অত্যন্ত জটিল ও জরুরি প্রযুক্তিগত কাজ সম্পন্ন করা হবে।
রবিবার সকালে সাধারণ যাত্রী ও দীর্ঘ দূরত্বের যানবাহনের যানজট এড়াতে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। হাওড়ামুখী ও কলকাতামুখী গাড়িগুলিকে হাওড়া ব্রিজ (রবীন্দ্র সেতু) এবং নিবেদিতা সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়ে থাকে। ট্রাফিক পুলিশের তরফে জানান হয়েছে, এই সময়ে সাধারণ মানুষকে সাময়িক অসুবিধার মুখোমুখি হতে হলেও নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ।
নির্ধারিত সময়ের মধ্যে মেরামতির কাজ শেষ হওয়া মাত্রই সেতু পুনরায় যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। সাধারণ যাত্রীদের সমস্যার কথা মাথায় রেখেই পুলিশের তরফে অগ্রিম বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। রবিবার যাঁরা জরুরি প্রয়োজনে এই পথ দিয়ে যাতায়াতের পরিকল্পনা করছেন, তাদের বিজ্ঞপ্তি মাধ্যমে অবগত করা হয়েছে। ফলে এই নির্ধারিত সময়ে আমজনতার সহযোগিতা আশা করছে প্রশাসন।