• কবে থেকে কবে পর্যন্ত চলবে জনগণনা? ৩৩ সাধারণ প্রশ্ন! কী ভাবে নিজেই 'Self Enumeration' করবেন?
    News18 বাংলা | ০১ আগস্ট ২০২৬
  • পূর্ব বর্ধমান জেলাবাসীর উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন জেলা শাসক শ্বেতা আগরওয়াল। ২০২৬ সালের আদমশুমারিকে সফল করতে সাধারণ মানুষকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি। একটি ভিডিও বার্তায় জেলা শাসক জানান, ১ আগস্ট থেকে ১৫ আগস্ট ২০২৬ পর্যন্ত চলবে সেলফ এনিউমারেশন বা নিজের তথ্য নিজে অনলাইনে জমা দেওয়ার প্রক্রিয়া।

    সরকারি আধিকারিক সকলকে এই সুযোগ কাজে লাগিয়ে নিজেদেরই তথ্য পূরণ করার আবেদন জানান। জেলা শাসক জানান, সেলফ এনিউমারেশনের জন্য নির্ধারিত সেন্সাস পোর্টালে গিয়ে খুব সহজেই তথ্য জমা দেওয়া যাবে।

    সেখানে মোট ৩৩টি সাধারণ প্রশ্ন থাকবে, যার উত্তর পরিবারের সদস্যরাই নিজেরা দিতে পারবেন। সমস্ত তথ্য পূরণ করে জমা দেওয়ার পর একটি সেলফ এনিউমারেশন (SE) আইডি তৈরি হবে। সেই আইডিটি সংরক্ষণ করে রাখার জন্যও বিশেষভাবে অনুরোধ করেছেন তিনি।

    আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনার ‘তৃতীয়’ কিস্তির ৩০০০ টাকা ঢুকল কি ব্যাঙ্কে…? পোর্টালে ঢুকে ঝটপট চেক করুন ‘স্ট্যাটাস’! জানুন টাকা না পেলে কী করবেন

    তিনি আরও জানান, ১৬ অগাস্ট থেকে ১৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত চলবে হাউস-টু-হাউস এনিউমারেশন। এই সময় সরকারি এনিউমারেটররা বাড়ি বাড়ি গিয়ে আদমশুমারির তথ্য সংগ্রহ করবেন। যাঁরা ইতিমধ্যেই সেলফ এনিউমারেশন সম্পন্ন করবেন, তাঁদের শুধু সেই SE আইডিটি এনিউমারেটরদের দেখাতে হবে।

    পাশাপাশি সরকারি কর্মীদের প্রয়োজনীয় সহযোগিতা করারও আহ্বান জানিয়েছেন জেলা শাসক। ভিডিও বার্তায় শ্বেতা আগরওয়াল বলেন, আদমশুমারি দেশের অন্যতম বৃহত্তম প্রশাসনিক কর্মসূচি। দেশের উন্নয়ন পরিকল্পনা, বিভিন্ন সরকারি প্রকল্প, পরিকাঠামো গঠন, সামাজিক ও অর্থনৈতিক নীতি নির্ধারণ সব ক্ষেত্রেই আদমশুমারির তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রত্যেক নাগরিকের সঠিক তথ্য প্রদান এবং এই কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।

    জেলাশাসক জেলাবাসীর উদ্দেশে আবেদন জানিয়েছেন, ১ থেকে ১৫ অগাস্টের মধ্যে সম্ভব হলে নিজেরাই সেলফ এনিউমারেশন সম্পূর্ণ করুন। আর পরে যখন সরকারি এনিউমারেটররা বাড়িতে যাবেন, তখন তাঁদের সঙ্গে সহযোগিতা করুন এবং আগে থেকে সেলফ এনিউমারেশন করে থাকলে সেই SE আইডি তাঁদের হাতে তুলে দিন। প্রশাসনের আশা, সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণে পূর্ব বর্ধমান জেলায় আদমশুমারির কাজ আরও দ্রুত, স্বচ্ছ ও নির্ভুলভাবে সম্পন্ন হবে।
  • Link to this news (News18 বাংলা)