আজ, ১ অগস্ট থেকে রাতের কলকাতায় চলবে বাস। একাধিক গুরুত্বপূর্ণ রুটে রাত পর্যন্ত মিলবে পরিষেবা। মূলত সরকারি ও বেসরকারি হাসপাতালমুখী রোগী, তাঁদের পরিজন, রাতের শিফটের কর্মী, ছাত্রছাত্রী ও দূরপাল্লার ট্রেনযাত্রীদের সুবিধার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোন রুটে, কোন সময়ে ছাড়া হবে শেষ বাস, রইল বিস্তারিত।
১. E-32 রুট। হাওড়া স্টেশন থেকে এই রুটের বাস যায় ব্যারাকপুর পর্যন্ত। রাত ৯টা ৪৫-এ এতদিন লাস্ট বাস ছাড়ত। এ বার তা ছাড়বে রাত ১০টায়। বাসটি যাবে এমজি রোড, শ্যামবাজার, বিটি রোড হয়ে। মেডিক্যাল কলেজ, আরজি কর মেডিক্যাল কলেজের উপর দিয়ে যাবে এই বাস।
২. S-7 রুট। হাওড়া স্টেশন থেকে গড়িয়া রুটের শেষ বাস ছাড়ত রাত ৮টায়। এ বার তা ছাড়বে রাত ১০টায়। এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, এক্সাইড, রাসবিহারী, গড়িয়াহাট, যাদবপুর হয়ে এই বাস গড়িয়া যাবে। এসএসকেএম, চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতাল, কেওড়াতলা মহাশ্মশান, পঞ্চাননতলার একাধিক প্রাইভেট হাসপাতাল, যাদবপুরের হস্টেলের উপর দিয়ে যাবে এই বাস।
৩. S-5 রুট। হাওড়া স্টেশন থেকে গড়িয়া রুটের শেষ বাস ছাড়ত রাত ৮টা ৪৫-এ। এ বার তা ছাড়বে রাত ১০টায়। এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, এক্সাইড, রাসবিহারী, গড়িয়াহাট, যাদবপুর হয়ে এই বাস গড়িয়া যাবে। এসএসকেএম, চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতাল, কেওড়াতলা মহাশ্মশান, পঞ্চাননতলার একাধিক প্রাইভেট হাসপাতাল, যাদবপুরের হস্টেলের উপর দিয়ে যাবে এই বাস।
৪. S-10A রুট। হাওড়া স্টেশন থেকে বালিগঞ্জ পর্যন্ত এই রুট। রাত ১০টায় ছাড়বে শেষ বাস। রুটটি হলো এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, এক্সাইড, রাসবিহারী, গড়িয়াহাট হয়ে। বেলভিউ, আরকেএম সেবা প্রতিষ্ঠান ও অন্যান্য বেসরকারি হাসপাতালের উপর দিয়ে যাবে এই বাস।
৫. S-9A রুট। ডানলপ থেকে বালিগঞ্জগামী বাসের রুট। এতদিন রাত ৮টায় শেষ বাসটি ছাড়ত। আজ থেকে রাত ১০টায় ছাড়বে শেষ বাস। বিটি রোড-শ্যামবাজার-খান্না-শিয়ালদহ-মৌলালি-মিন্টো পার্ক-দেশপ্রিয় পার্ক এই বাসের রুট। আরজি কর, নীলরতন সরকার হাসপাতাল, বিআর সিং হাসপাতাল, আইআইএনএস, বেলভিউ, আরকেএম সেবা প্রতিষ্ঠান ও অন্যান্য বেসরকারি হাসপাতালের উপর দিয়ে যাবে এই বাস।
৬. T-16 রুট। রাজাবাজার থেকে মৌড়িগ্রাম রুট। সন্ধে ৭টা ১৫ মিনিটে এতদিন শেষ বাস ছাড়ত। আজ থেকে রাত ১০টায় ছাড়বে শেষ বাস। শিয়ালদহ-মৌলালি-এসপ্ল্যানেড-রবীন্দ্র সদন-দ্বিতীয় হুগলি সেতু-আন্দুল রোড রুট। এনআরএস, পিজি ও নারায়ণী (আন্দুল রোড) হাসপাতালের উপর দিয়ে যাবে এই বাস।
৭. S-30 রুট। উল্টোডাঙা ১৫ নম্বর থেকে ইকো স্পেসের রুট। সন্ধে সাড়ে ৭টায় এতদিন শেষ বাস ছাড়ত, আজ থেকে শেষ বাস ছাড়ার সময় রাত ১০টা। হাডকো-অ্যাপোলো-বিল্ডিং মোড়-কলেজ মোড়-নিউ টাউন হয়ে যাবে এই বাস। অ্যাপোলো, টাটা মেডিক্যাল সেন্টার ও ওহিও হসপিটাল অ্যান্ড মেডিক্যাল সেন্টারের উপর দিয়ে যাবে এই বাস।
৮. S-24 রুট। হাওড়া স্টেশন থেকে কামালগাজি। রাত ৯টা ৪৫-এ শেষ বাস ছাড়ত, আজ থেকে যা রাত ১০টায় ছাড়বে। এসপ্ল্যানেড-মৌলালি-পার্ক সার্কাস-সায়েন্স সিটি-রুবি-অজয়নগর এই বাসের রুট। এনআরএস, ন্যাশনাল মেডিক্যাল কলেজ, আইএনকে, ফর্টিস, ডিসান, রুবি, আরএন টেগোর, নেওটিয়া, মেডিকা, পিয়ারলেসের মতো গুরুত্বপূর্ণ হাসপাতাল-নার্সিংহোমের উপর দিয়ে যাবে এই বাস।
৯.AC-37 রুট। বারাসত থেকে গড়িয়াগামী এই রুটের শেষ বাস এতদিন বিকেল ৪টে ৩৫ মিনিটে ছাড়ত। এ বার তা রাত ১০টায় ছাড়বে। মধ্যমগ্রাম-এয়ারপোর্ট-উল্টোডাঙা-রুবি-অজয়নগর রুটের বাস। নারায়ণী-অ্যাপোলো-ফর্টিস-ডিসান-রুবি-আরএন টেগোর-নেওটিয়া-মেডিকা-পিয়ারলেসের উপর দিয়ে যাবে এই বাস।
১০. VS-2 রুট। হাওড়া স্টেশন থেকে এয়ারপোর্টগামী এই রুটের শেষ বাস ছাড়বে রাত ১০টায়। এমজি রোড-সিআর অ্যাভিনিউ-গিরিশ পার্ক-কাঁকুড়গাছি-হাডকো-ভিআইপি হয়ে এয়ারপোর্ট পৌঁছবে এই বাস। মেডিক্যাল কলেজ, সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্কের উপর দিয়ে যাবে এই বাস।