• বরানগরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত দুই স্কুল পড়ুয়া
    আজকাল | ০১ আগস্ট ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: বরানগরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ গেল খালসা মডেল স্কুলের দুই পড়ুয়ার। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে বাবা। বরানগরে শনিবার সকালে ঘটে এই মর্মান্তিক পথ দুর্ঘটনা। তারা খালসা মডেল স্কুলের দুই পড়ুয়া। বরানগরের অনন্যা সিনেমা হল সংলগ্ন বিটি রোডে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাদের বাবা অভিষেক সাউ। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে অভিষেক সাউ তাঁর দুই ছেলে আরাধ্য সাউ ও আরভ সাউকে নিয়ে স্কুটারে করে যাচ্ছিলেন। অভিযোগ, রাস্তার ধারে স্টোনচিপস ফেলে রাখা ছিল। সেই স্টোনচিপস এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে গিয়ে স্কুটারটি নিয়ন্ত্রণ হারায় এবং উল্টো দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে দুই শিশু স্কুটার থেকে ছিটকে পড়ে।

     ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।প্রত্যক্ষদর্শীদের দাবি, দুই শিশুর মাথায় হেলমেট ছিল না। তবে তারা রেইনকোট পরা অবস্থায় ছিল। দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান এবং খবর দেওয়া হয় বরানগর থানায়।

    খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই পড়ুয়ার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। গুরুতর আহত অভিষেক সাউকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ।

    পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। রাস্তার ধারে স্টোনচিপস ফেলে রাখার বিষয়টি এই দুর্ঘটনার অন্যতম কারণ কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
  • Link to this news (আজকাল)