অ্যাকাউন্টে ১০০ কোটি! আতঙ্কিত কাশ্মীরা যা জানলেন...
আজকাল | ০১ আগস্ট ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: অ্যাকাউন্টে ১০০ কোটি টাকা! গ্যাস বুকিংয়ের টাকা আপডেট করতে গিয়ে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০০ কোটি টাকা জমা পড়েছে দেখে হতবাক কুলতলির কুন্দখালি গ্রামের কীর্তনখোলা এলাকার বাসিন্দা কাশ্মীরা শেখ। এই ঘটনা নজরে আসতেই চরম উদ্বেগে দিন কাটছে দিনমজুর পরিবারের।
পরিবার সূত্রে জানা যায়, কাশ্মীরা শেখের স্বামী জরি শিল্পের কাজ করে কোনও মতে সংসার চালান। কয়েকদিন আগে গ্যাস বুকিংয়ের পর ব্যাঙ্কের পাসবই আপডেট করতে গিয়েই কাশ্মীরা দেখেন তাঁর অ্যাকাউন্টে প্রায় ১০০ কোটি টাকা ব্যালেন্স দেখাচ্ছে। হঠাৎ এত বিপুল অঙ্কের টাকা দেখে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা হতবাক হয়ে পড়েন। এরপর বিষয়টি জানাতে কাশ্মীরা ও তাঁর স্বামী স্থানীয় ব্যাঙ্কটির শাখায় যান। তাঁদের অভিযোগ, ব্যাঙ্ক কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিয়ে না দেখে কোনও স্পষ্ট ব্যাখ্যা না দিয়েই ফিরে যেতে বলেন।
পরিবারের দাবি, বর্তমানে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেনও বন্ধ রয়েছে। শুধু ওই বিপুল অঙ্কের টাকা নয়, নিজেদের জমানো অর্থও তুলতে পারছেন না তাঁরা। কীভাবে এই টাকা অ্যাকাউন্টে এল, কেন লেনদেন বন্ধ হয়ে গেল এবং সমস্যার সমাধান কোথায় মিলবে— তা নিয়ে চরম অনিশ্চয়তা ও আতঙ্কে রয়েছেন কাশ্মীরা শেখ ও তাঁর পরিবার।
ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। ব্যাঙ্ক কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যও এখনও পাওয়া যায়নি।