• ৩১ জুলাই স্বাধীনতা দিবস পালন দিনহাটার ছিটমহলে
    আজকাল | ০১ আগস্ট ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: ঘড়ির কাঁটা রাত বারোটা ছুঁতেই আবারও উঠল জাতীয় পতাকা। বাজল জাতীয় সঙ্গীত, আকাশে ভেসে উঠল উল্লাস আর আবেগের মিশেল। ১১ বছর আগে ঠিক এই সময়েই যে মানুষগুলির পরিচয় বদলে গিয়েছিল, যাঁরা রাষ্ট্রহীনতার অন্ধকার পেরিয়ে ভারতের নাগরিক হয়েছিলেন, তাঁদের কাছেই ৩১ জুলাই মধ্যরাত আজও স্বাধীনতার প্রকৃত মুহূর্ত। তাই দেশের বাকি অংশ যখন ১৫ অগস্ট স্বাধীনতা দিবস পালন করে, তখন দিনহাটা মহকুমার সাবেক ছিটমহলের বাসিন্দারা নিজেদের স্বাধীনতার উৎসব পালন করেন ৩১ জুলাই মধ্যরাতে।

    শুক্রবার গভীর রাতেও তার ব্যতিক্রম হল না। দিনহাটার মশালডাঙ্গা, পোয়াতুরকুঠি-সহ জেলার একাধিক সাবেক ছিটমহল এলাকায় জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, মোমবাতি ও মশাল মিছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শহিদদের স্মরণে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করেন বাসিন্দারা। প্রবীণদের পাশাপাশি উৎসাহে সামিল হয় নতুন প্রজন্মও। যাদের অনেকেই সেই ঐতিহাসিক রাত নিজের চোখে দেখেনি, কিন্তু পরিবারের মুখে শুনে জেনে এসেছে রাষ্ট্রহীন জীবনের দীর্ঘ ইতিহাস।

    ২০১৫ সালের ৩১ জুলাই মধ্যরাতে কার্যকর হয় ভারত-বাংলাদেশ স্থলসীমান্ত চুক্তি। দীর্ঘ কয়েক দশকের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে ভারতের অভ্যন্তরে থাকা বাংলাদেশের ছিটমহল এবং বাংলাদেশের অভ্যন্তরে থাকা ভারতের ছিটমহলের বিনিময় সম্পন্ন হয়। সেই সঙ্গে সাবেক ছিটমহলের হাজার হাজার বাসিন্দা পান ভারতীয় নাগরিকত্বের স্বীকৃতি। ভোটার পরিচয়পত্র, আধার, রেশন, শিক্ষা, স্বাস্থ্য— রাষ্ট্রের মৌলিক পরিষেবার অধিকার প্রথমবারের মতো তাঁদের নাগালে আসে। তাই এই দিনটি তাঁদের কাছে কেবল একটি প্রশাসনিক চুক্তির স্মৃতি নয়, বরং নতুন জীবনের সূচনা।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, "স্বাধীন দেশের নাগরিক হওয়ার আনন্দ আজও তাঁদের মনে একই রকম উজ্জ্বল।" যদিও নাগরিকত্বের স্বীকৃতি মিলেছে, তবুও শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা, পানীয় জল, কর্মসংস্থান-সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের আরও প্রয়োজন রয়েছে বলে মত স্থানীয়দের। স্বাধীনতার আনন্দের পাশাপাশি সেই প্রত্যাশার কথাও উঠে আসে তাঁদের বক্তব্যে।

    মধ্যরাতের পতাকা উত্তোলনের পর জাতীয় সঙ্গীত গেয়ে একে অপরকে শুভেচ্ছা জানান বাসিন্দারা। প্রবীণদের চোখে ধরা পড়ে আবেগ, আর তরুণদের কণ্ঠে শোনা যায় ভবিষ্যতের স্বপ্ন। একসময়ের বিচ্ছিন্ন ভূখণ্ড আজ প্রশাসনিক মানচিত্রে স্বীকৃত হলেও, ৩১ জুলাইয়ের মধ্যরাত এলেই ফিরে আসে সেই ঐতিহাসিক মুহূর্ত যে মুহূর্তে কাঁটাতারের গণ্ডি পেরিয়ে এক নতুন পরিচয়ে, এক নতুন দেশের নাগরিক হিসেবে পথচলা শুরু করেছিলেন সাবেক ছিটমহলের মানুষ।
  • Link to this news (আজকাল)