• পৈত্রিক সম্পত্তি নিয়ে বিবাদ, আরামবাগে মাঝরাস্তায় ভাইকে কুপিয়ে খুন করল দাদা!
    প্রতিদিন | ০১ আগস্ট ২০২৬
  • পৈত্রিক জমি-সম্পত্তি নিয়ে বিবাদ কোন পর্যায়ে গেলে ভাইকে খুন করতে পারে দাদা? অতর্কিত হামলায় গুরুতর জখম ছোটভাইও! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগে। মৃত ব্যক্তির নাম হারুন বাদশা। পুলিশ অভিযুক্ত বড় ভাই ও তাঁর ছেলেকে খুঁজছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

    আরামবাগের বুলণ্ডি এলাকায় বাড়ি ওই পরিবারের। বাবা বেকারি ও বেশ কিছু সম্পত্তি রেখে গিয়েছিলেন সন্তানদের জন্য। তাঁর তিন সন্তান। তিন ভাইয়ের মধ্যে বাবার সম্পত্তি নিয়ে জোর বিবাদ দেখা দিয়েছিল। সেই বিবাদ তিন পরিবারের মধ্যেও ছড়িয়েছিল। সম্পত্তি নিয়ে বিবাদ এমন জায়গায় গিয়েছিল, যে ভাইয়েরা একে অপরের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন। আদালতে মামলা চললেও ভাইদের মধ্যে বিবাদ কমেনি!

    এর মধ্যেই বড় ভাই মেজো ভাইকে আক্রমণ করেন। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে। চাষের জমি থেকে বাড়ি ফিরছিলেন শেখ হারুন-সহ পরিবারের অন্যান্যরা। অভিযোগ, সেসময় বড় দাদা শেখ মুজিবর রহমান ও তার ছেলে অতর্কিতে তাঁদের উপর হামলা চালান। টাঙি নিয়ে মেজো ভাইকে আক্রমণ করা হয়! টাঙির কোপে জখমরা রক্তাক্ত অবস্থায় রাস্তাতেই পড়েছিলেন। ছোট ভাইও গুরুতর জখম হন।  বেশ কিছু সময় পরে স্থানীয়রা ওই ঘটনা দেখে তাঁদের উদ্ধার করে। জখমদের উদ্ধার করে আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসক হারুনকে মৃত বলে ঘোষণা করেন। বাকিদের চিকিৎসা চলছে। ঘটনার পরেই অভিযুক্তরা পলাতক। তাঁদের খোঁজ চালাচ্ছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)