• সাইকেল নিয়ে কাজে বেরিয়েই শেষ যাত্রা, লরির ধাক্কায় করুণ পরিণতি বৃদ্ধের
    News18 বাংলা | ০১ আগস্ট ২০২৬
  • সাইকেলে কাজে যাওয়ার পথেই শেষ যাত্রা! শীল-পাটার কাজের উদ্দেশ্যে বেরিয়ে মর্মান্তিক পরিণতি বৃদ্ধের। শনিবার সকালে মর্মান্তিক পথদুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মালদহের মহদীপুর সীমান্তের লটন এলাকায়। মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক সাইকেল আরোহী বৃদ্ধ। পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম তপেস মণ্ডল। তিনি কালিয়াচক থানার কদমতলা এলাকার বাসিন্দা ছিলেন।

    পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মত এদিনও শীল-পাটার কাজ করার উদ্দেশ্যে সাইকেলে করে বাড়ি থেকে বেরিয়েছিলেন তপেসবাবু। অভিযোগ, লটন এলাকায় রাস্তার ওপর অবৈধভাবে দাঁড়িয়ে থাকা একটি পাথরবোঝাই লরিকে পাশ কাটিয়ে যাওয়ার সময় পিছন থেকে দ্রুতগতিতে আসা আরেকটি পাথরবোঝাই লরি তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই লরির চাকায় পিষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়।‌ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় প্রায়শই পাথরবোঝাই লরি রাস্তার ওপর অবৈধভাবে পার্কিং করে রাখা হয়।

    শুধু তাই নয়, রাস্তার ওপর ছড়িয়ে থাকে পাথরও। এর ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। প্রশাসনের কাছে বহুবার অভিযোগ জানানো হলেও স্থায়ী সমাধান হয়নি বলেও দাবি তাঁদের। মৃতের পরিবারের সদস্য নারায়ণ মণ্ডল জানান, তপেস মণ্ডলই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। তাঁর ছেলে মানসিক ভারসাম্যহীন হওয়ায় প্রতিদিন শ্রমের কাজ করেই সংসার চালাতেন তিনি।

    এই দুর্ঘটনায় পরিবারটি চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য প্রশাসনের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন তিনি। এদিকে এই ঘটনার খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। ঘাতক লরিটিকে আটক করা হয়েছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটল এবং অবৈধ পার্কিংয়ের অভিযোগ কতটা সত্য, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
  • Link to this news (News18 বাংলা)