• চায়ের দোকান থেকে গলির মোড়, কান পাতলেই খাঁকি পোশাক! বারুইপুরে চালু পুলিশের ‘সিক্রেট মিশন'
    News18 বাংলা | ০১ আগস্ট ২০২৬
  • : এবার সোর্স বাড়াতে বারুইপুর পুলিশ জেলার বিশেষ উদ্যোগ নিল, তৈরি বাহিনী। বারুইপুরের সূর্যপুরে ঘটনায় রাজ্যজুড়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের গোয়েন্দা তথ্য সংগ্রহ ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছিল। ভবিষ্যতে যাতে এমন পরিস্থিতির আগাম খবর পুলিশের কাছে পৌঁছে যায়, সেই লক্ষ্যেই নতুন উদ্যোগ নিল বারুইপুর পুলিশ জেলা। গ্রাম ও শহর দুই এলাকাতেই বিশেষ নজরদারি দল গঠন করেছে পুলিশ। গ্রামীণ এলাকায় অঞ্চল আধিকারিক এবং পুর এলাকায় ওয়ার্ড ক্লাস্টার আধিকারিকরা নিয়মিত এলাকায় ঘুরে মানুষের সঙ্গে সরাসরি কথা বলবেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিবিড় যোগাযোগ গড়ে তুলে বিভিন্ন তথ্য সংগ্রহ এবং সম্ভাব্য সমস্যা সম্পর্কে আগাম ধারণা পাওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোর্স নেটওয়ার্ক আরও শক্তিশালী করার পাশাপাশি পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে আস্থা এবং যোগাযোগ বাড়াতেও জোর দেওয়া হচ্ছে। প্রতিটি পঞ্চায়েত এলাকায় একজন পুলিশ অফিসারের নেতৃত্বে একটি দল থাকবে। অন্যদিকে, পুরসভা এলাকায় পাঁচ থেকে ছয়টি ওয়ার্ড নিয়ে গঠিত হবে একটি ক্লাস্টার, যেখানে প্রায় ছয়জন পুলিশকর্মী দায়িত্ব পালন করবেন। এই দলগুলি প্রতিদিন বিভিন্ন গ্রাম ও এলাকায় গিয়ে চায়ের দোকান, বাজার কিংবা জনবহুল স্থানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবে। কোথাও আড্ডার ছলে, আবার কোথাও সরাসরি বাসিন্দাদের কাছ থেকে এলাকার পরিস্থিতি, সম্ভাব্য সমস্যা এবং নিরাপত্তা সংক্রান্ত তথ্য জানার চেষ্টা করবেন পুলিশ আধিকারিকরা।

    মহিলাদের নিরাপত্তাকেও এই কর্মসূচিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যেই গ্রাম ও শহরের বিভিন্ন এলাকায় এই বিশেষ পরিদর্শন শুরু হয়েছে। স্থানীয় মানুষের অভিযোগ, অভিজ্ঞতা ও সমস্যার কথা শুনছেন পুলিশকর্মীরা। পাশাপাশি দ্রুত যোগাযোগ ও তথ্য আদান-প্রদানের সুবিধার জন্য বাসিন্দাদের সঙ্গে ফোন নম্বরও বিনিময় করা হচ্ছে।

    বারুইপুর পুলিশ জেলার পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা এবং বিশেষ করে মহিলাদের নিরাপত্তার ক্ষেত্রে কোনও রকম গাফিলতি বা আপস করা হবে না। মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়িয়ে অপরাধ প্রতিরোধে আরও সক্রিয় ভূমিকা নেওয়াই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।
  • Link to this news (News18 বাংলা)