কাউন্সিলার পদ ছেড়েছেন। তার পরেও জনরোষের মুখে নবদ্বীপ পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলার ঝন্টুলাল দাস। কাউন্সিলার পদ থেকে পদত্যাগ করেও রেহাই মিলল না। স্কুলের অডিটের কাজ সেরে বাড়ি ফেরার পথে হামলার অভিযোগ। শনিবার দুপুরে এই ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ঝন্টুলালকে।
শনিবার দুপুরে প্রতাপনগরের সুদর্শন হাইস্কুল থেকে বাড়ি ফেরার সময়ে কয়েকজন তাঁর পথ আটকায় বলে অভিযোগ। এর পরে তাঁকে মারধর করার পাশাপাশি ডিম ছোড়া হয়। আহত ঝন্টুলালকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যদিও এই বিষয়ে ঝন্টুলাল দাসের অভিযোগ, হামলার সময় তাঁকে উদ্দেশ করে বলা হয়, ‘তৃণমূল করেছিস, অনেক খেয়েছিস।’ তবে হামলাকারীদের কাউকেই তিনি চিনতে পারেননি বলে দাবি করেছেন। ঝন্টুলালের দাবি, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার পদ থেকে ইতিমধ্যেই পদত্যাগ করেছেন এবং রাজনীতি থেকে সরে থাকার কথাও জানিয়েছিলেন। তার পরেও কেন তাঁকে নিশানা করা হলো?
ঘটনার তীব্র নিন্দা করেছেন নবদ্বীপের বিধায়ক শ্রুতিশেখর গোস্বামী। দোষীদের চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।