• ‘স্থানীয় মানুষ চেনেন কে বিজেপি, কে চার ঘণ্টার বিজেপি’, দলের গ্রাফ নামার সতর্কবার্তা শমীকের
    এই সময় | ০২ আগস্ট ২০২৬
  • রাজারহাট-নিউটাউনে দলীয় কার্যালয় উদ্বোধন করতে গিয়ে নিজের দলের কর্মীদের বড় বার্তা দিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। পশ্চিমবঙ্গে যখন বিজেপি প্রান্তিক রাজনৈতিক শক্তি ছিল, সেই সময়ে যাঁরা পদ্ম পতাকা নিয়ে লড়েছেন, তাঁদের জীবনযাপন থেকে বর্তমান কর্মীদের শিক্ষা নেওয়ার বার্তা দিলেন শমীক ভট্টাচার্য। দমদম এলাকার বহু পুরোনো বিজেপি নেতা ছিলেন প্রয়াত পরিতোষ চক্রবর্তী। তাঁর সম্পর্কে বলতে গিয়ে শমীক বলেন, ‘রাজনীতিতে বহু ধরনের মানুষ থাকেন, সকলকে কেনা যায় না। সকলকে প্রভাবিত করে ফেলা যায় না।’

    পুরোনো কর্মীদের জীবনযাপনের উদাহরণ টেনে দলের বর্তমান কর্মীদের বার্তা দিয়েছেন শমীক। তিনি বলেন, ‘কেউ যদি মনে করেন আমরা ২০৭, যা কিছু করলাম আমরাই করে দিলাম। আমরা ছিলাম বলেই এই পরিবর্তন এল, তা হলে ভুল করছেন।’

    এক সময়ে রাজ্যে ১ শতাংশ ভোট পেত বিজেপি, সেই দলই আজ মসনদে। যে জনসাধারণের ভোটে বিজেপি জিতেছে, তাঁদের উপর কোনওরকম অত্যাচার না করার স্পষ্ট বার্তা দিয়েছেন শমীক ভট্টাচার্য।

    তাঁর কটাক্ষ, ‘কেউ শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য এত চিন্তিত, তারা মনে হয় নিজের পরিবারের কথাও এত চিন্তিত হননি। বেআইনি প্রোমোটার খুঁজে বেরাচ্ছেন, তালা লাগিয়ে দিচ্ছেন।’ বিজেপির পতাকা হাতে যাঁরা এমন করছেন, তাঁদের প্রসঙ্গ তুলে রাজ্য বিজেপির সভাপতির কড়া বার্তা, ‘স্থানীয় মানুষ চেনেন কে বিজেপি, কে বিজেপি নয়, কে চার ঘণ্টার বিজেপি। তাঁর আরও সংযোজন, ‘এগুলি নিয়ন্ত্রণ না করা গেলে, গ্রাফ যত তাড়াতাড়ি উঠেছে, তার থেকেও তাড়াতাড়ি নীচের দিকে নামতে শুরু করবে।’

  • Link to this news (এই সময়)