'আন্তর্জাতিক ডেটা অ্যানালিটিক্স' সম্মেলনের সফল আয়োজন
আজকাল | ০২ আগস্ট ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: টেকনো ইন্ডিয়া গ্রুপের পৃষ্ঠপোষকতায়, গত ৩০ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত 'টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউন, কলকাতা' চতুর্থ 'আন্তর্জাতিক ডেটা অ্যানালিটিক্স অ্যান্ড ইনসাইটস কনফারেন্স' (ICDAI 2026) সফলভাবে আয়োজন করে।
২০২৩, ২০২৪ ও ২০২৫ সালে অনুষ্ঠিত এই সম্মেলনের গত তিনটি সংস্করণের সাফল্য, তাদের প্রকাশিত প্রসিডিংস এবং ব্যাপক স্বীকৃতি 'আন্তর্জাতিক ডেটা অ্যানালিটিক্স অ্যান্ড ইনসাইটস কনফারেন্স ২০২৬'-এর জন্য একটি মজবুত ভিত্তি তৈরি করে দিয়েছিল। যার ফলে ডেটা অ্যানালিটিক্সের গতিশীল ক্ষেত্রে উদ্ভাবন ও জ্ঞান বিনিময়ের ধারা এবারও অব্যাহত থাকল।
এই সম্মেলন শিক্ষাবিদ, গবেষক, ছাত্রছাত্রী এবং শিল্পক্ষেত্রের পেশাদারদের জন্য উদ্ভাবনী গবেষণা উপস্থাপন, ধারণা বিনিময় এবং ডেটা অ্যানালিটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সংশ্লিষ্ট প্রযুক্তির সাম্প্রতিক অগ্রগতি নিয়ে আলোচনার জন্য একটি বিশ্বব্যাপী মঞ্চ প্রদান করল। সেই সঙ্গেই ভারত ও বিশ্বের বিভিন্ন প্রান্তের অংশগ্রহণকারীদের মধ্যে গবেষণা সহযোগিতা, প্রযুক্তিগত উদ্ভাবন ও বৈজ্ঞানিক জ্ঞান আদান-প্রদানকে উৎসাহিত করল।
প্রাক-সম্মেলন কর্মশালার কারিগরি অধিবেশনগুলি ৩০ জুলাই নিউ টাউন, কলকাতার TINT ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত শিক্ষাবিদরা এবং CDAC, PWC, 2Coms ও TCS-এর শিল্প বিশেষজ্ঞরা এই কারিগরি অধিবেশনগুলি পরিচালনা করেন।
৩১ জুলাই অনুষ্ঠিত উদ্বোধনী অধিবেশনে উপস্থিত ছিলেন পদ্মশ্রী অধ্যাপক বিমল কুমার রায় (প্রাক্তন পরিচালক, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট), একাতেরিনা তিউরিনা (মাননীয় ভাইস কনসাল জেনারেল, রাশিয়ান ফেডারেশনের কনস্যুলেট জেনারেল), ড. হাদিয়ান হাফিজ (সানওয়ে বিশ্ববিদ্যালয়, মালয়েশিয়া), অধ্যাপক তাপস চক্রবর্তী (মাননীয় উপাচার্য, ম্যাকাউট), শ্রী সত্যম রায়চৌধুরী (আচার্য, সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয় ও ম্যানেজিং ডিরেক্টর, টেকনো ইন্ডিয়া গ্রুপ), অধ্যাপক ধ্রুবজ্যোতি চ্যাটার্জি (উপাচার্য, সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়) এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব। সকলেই তাঁদের মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন।
এরপর অনুষ্ঠিত হয় একাধিক কারিগরি অধিবেশন, এবং ১ আগস্ট সমাপনী অধিবেশনে শ্রেষ্ঠ গবেষণাপত্রের জন্য পুরস্কার প্রদান করা হয়।
এই সম্মেলনে ডেটা অ্যানালিটিক্স ও বুদ্ধিমান ব্যবস্থার উদীয়মান ক্ষেত্রগুলি নিয়ে ছয়'টি বিশেষায়িত কারিগরি ট্র্যাক অন্তর্ভুক্ত ছিল। বিশ্বজুড়ে শিক্ষাবিদ, গবেষক ও শিল্পক্ষেত্রের পেশাদারদের কাছ থেকে মোট ৬৩১টি গবেষণাপত্র জমা পড়ে, যার মধ্যে কঠোর পিয়ার-রিভিউ প্রক্রিয়ার পর ৮৪টি উচ্চমানের গবেষণাপত্র গৃহীত হয়। এর মধ্যে ১৪টি ভিন্ন দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও শিল্প প্রতিষ্ঠানের লেখকদের কাছ থেকে ৫৭টি আন্তর্জাতিক গবেষণাপত্র জমা পড়েছিল, যার মধ্যে ৩৭টি গৃহীত হয়- যা সম্মেলনের দৃঢ় আন্তর্জাতিক অংশগ্রহণ ও উচ্চমান প্রমাণ করে।