আচমকা ১০০ কোটি টাকার মালিক কুলতলির কাশ্মীরা শেখ। ভুতুড়ে ঘটনার জেরে বন্ধ করা হয়েছে লেনদেন। কীভাবে এই ঘটনা ঘটেছে তা ভেবে আতঙ্কগ্রস্ত কাশ্মীরা ও তার পরিবারের লোকজন।
অ্যাসবেস্টসের ছাউনি দেওয়া ছোট্ট বাড়ি। স্বামী কলকাতায় ব্যাগ তৈরির কাজে যুক্ত, আর তিনি বাড়িতে বসেই জরির কাজ করেন। সেই সাধারণ পরিবারের গৃহবধূ কাশ্মীরা শেখ হঠাৎই জানতে পারলেন, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে প্রায় ১০০ কোটি টাকা।
দক্ষিণ ২৪ পরগনার কুলতলির এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে বিপুল অঙ্কের টাকা দেখে আনন্দের বদলে আতঙ্কই গ্রাস করেছে কাশ্মীরাকে। তাঁর কথায়, “ভয় লাগছে। আমরা গরিব মানুষ, খেটে খাই।”
কুলতলির কুন্দখালি-গোদাবর গ্রাম পঞ্চায়েতের কীর্তনখোলা গ্রামের বাসিন্দা কাশ্মীরা কয়েকদিন আগে রান্নার গ্যাস বুক করেছিলেন। ভর্তুকির টাকা জমা পড়েছে কি না, তা দেখতে ব্যাঙ্কের পাসবুক আপডেট করাতে যান। তখনই চোখে পড়ে অবিশ্বাস্য সেই অঙ্ক অ্যাকাউন্টে ব্যালেন্স দেখাচ্ছে প্রায় ১০০ কোটি টাকা। বিষয়টি দেখে হতবাক হয়ে যান তিনি ও তাঁর পরিবারের সদস্যরা।
এরপর স্বামীকে নিয়ে সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কুলতলির জামতলা শাখায় যান কাশ্মীরা। তাঁর অভিযোগ, ব্যাঙ্ক কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে কোনও স্পষ্ট ব্যাখ্যা না দিয়ে তাঁদের বাড়ি ফিরে যেতে বলেন। শুধু তাই নয়, বর্তমানে তাঁদের অ্যাকাউন্টের লেনদেনও বন্ধ রয়েছে বলে দাবি পরিবারের। ফলে অ্যাকাউন্টে দেখান বিপুল অর্থ তো দূরের কথা, নিজেদের জমানো টাকাও তুলতে পারছেন না তাঁরা।
কীভাবে এই বিপুল অঙ্কের টাকা অ্যাকাউন্টে এল, কেন লেনদেন বন্ধ হয়ে গেল এবং কবে সমস্যার সমাধান হবে এসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি। ঘটনাটি নিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষের পক্ষ থেকেও এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।