• ‘ককরোচ’ বিক্ষোভের মাঝেই জেন জি’দের জন্য চালু ‘আরশোলা’ ক্যাফে! কী রয়েছে মেনুতে?
    প্রতিদিন | ০২ আগস্ট ২০২৬
  • সম্প্রতি ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র বিক্ষোভে উত্তাল হয়েছিল দিল্লি-সহ দেশের বিভিন্ন প্রান্ত। তারপর থেকেই সংবাদ শিরোনামে রয়েছে ‘ককরোচ’রা। এবার জেন জি’দের জন্য চালু হল ‘আরশোলা’ ক্যাফে (Cockroach Cafe)!  

    জানা গিয়েছে, বিহারের নালন্দা জেলার হিলসা বাইপাসে তৈরি হয়েছে নয়া এই ‘ককরোচ ক্যাফে’। সমাজমাধ্যমে ক্যাফেটির ছবি ভাইরাল হতেই আলোড়ন পড়ে গিয়েছে।  নেটিজেনদের একাংশ ক্যাফেটির ছবি শেয়ার করে রসিকতা করে লিখেছেন, ‘এখন খাবারের মধ্যে কোনও পোকা পাওয়া গেলে আর অভিযোগও করা যাবে না।’ ক্যাফেটির পরিবেশ বেশ মনোরম। এর অন্দরসজ্জায় কালো রঙের প্রাধান্য রয়েছে এবং টিনের ছাদ থেকে ঝুলছে হলুদ রঙের আলো। দেয়ালগুলি কৃত্রিম লতা ও ফুল দিয়ে সাজানো। পাশাপাশি, ভিতরে বসার জন্য রয়েছে কালো বেতের সোফা, লাল কুশন।

    কিন্তু কেন ক্যাফেটির নাম ‘আরশোলা’? এ প্রসঙ্গে ক্যাফের মালিক বলেন, “তরুণরা সবসময়ই একটু ভিন্নধর্মী কিছু পছন্দ করেন। রয়্যাল ক্যাফে নামে হয়তো শত শত জায়গা খুঁজে পাওয়া যাবে, কিন্তু ককরোচ ক্যাফে আছে একটাই। আমরা এমন একটি নাম চেয়েছিলাম, যা মানুষের মুখে হাসি ফোটাবে এবং সবার দৃষ্টি আকর্ষণ করবে। শুধু নামের কারণে নয়, এখানকার খাবারের গুণমানের কারণেও মানুষ এখানে ফিরে আসবেন।” মাত্র তিন দিন আগে ক্যাফেটি চালু হয়েছে। বর্তমানে সেখানে চা, কফি, ম্যাগি, স্যান্ডউইচ এবং কোল্ড ড্রিংকস পাওয়া যাচ্ছে। এখানকার খাবারের দাম ওই অঞ্চলের অন্যান্য় ক্যাফের খাবারের তুলনায় অনেকটাই কম রাখা হয়েছে, যাতে সব ধরনের মানুষ এখানে আসতে পারেন।
  • Link to this news (প্রতিদিন)