• কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে বাংলাচর্চার মেলবন্ধন, নতুন ভ্যালু অ্যাডেড কোর্স চালু করছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়
    eTV Bharat | ০১ আগস্ট ২০২৬
  • কলকাতা, 1 অগস্ট: কৃত্রিম বুদ্ধিমত্তা এখন আর শুধু তথ্যপ্রযুক্তি বা প্রকৌশলের গণ্ডিতে সীমাবদ্ধ নয় ৷ শিক্ষা, গবেষণা, ভাষা, সাহিত্য থেকে শুরু করে প্রশাসন— প্রায় প্রতিটি ক্ষেত্রেই দ্রুত বাড়ছে এআই-এর ব্যবহার। তবে এতদিন বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে পড়াশোনার ক্ষেত্রে এই প্রযুক্তির প্রয়োগ শেখানোর মতো বিশেষ পাঠ্যক্রমের সুযোগ ছিল খুবই সীমিত ৷ সেই ঘাটতি পূরণ করতেই অভিনব উদ্যোগ নিল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ৷ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ চালু করছে একটি নতুন ভ্যালু অ্যাডেড কোর্স, যার বাংলা নাম ‘ভাষা থেকে বুদ্ধিমত্তা: বাংলা অধ্যয়নে গণনামূলক চিন্তন ও কৃত্রিম বুদ্ধিমত্তা’ ।

    বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এই পাঠ্যক্রমের মূল উদ্দেশ্য বাংলা ভাষা ও সাহিত্যচর্চার সঙ্গে আধুনিক প্রযুক্তির সংযোগ স্থাপন করা ৷ বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠলেও ভাষা ও মানবিক বিদ্যার শিক্ষার্থীদের জন্য সেই প্রযুক্তিকে ব্যবহারিকভাবে শেখার সুযোগ তুলনামূলকভাবে কম ৷ নতুন এই কোর্সের মাধ্যমে সেই ব্যবধান দূর করার চেষ্টা করছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ৷

    শুধু তাত্ত্বিক পাঠ নয়, সম্পূর্ণ প্রকল্পভিত্তিক এই কোর্সে শিক্ষার্থীরা বাস্তব কাজের মধ্যে দিয়ে শিখতে পারবেন কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তাকে বাংলা ভাষা ও সাহিত্য গবেষণায় কাজে লাগানো যায় ৷ ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ, সাহিত্য গবেষণা, তথ্য সংগ্রহ, পাঠ বিশ্লেষণ, ভাষার তথ্যভাণ্ডার তৈরি, অনুবাদ, ডিজিটাল সংরক্ষণ-সহ বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার শেখানো হবে ৷ ফলে পড়াশোনার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জনেরও সুযোগ পাবেন শিক্ষার্থীরা ৷

    এই কোর্সে আধুনিক প্রযুক্তির একাধিক গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে ৷ শিক্ষার্থীরা শিখবেন পাইথন প্রোগ্রামিংয়ের প্রাথমিক ব্যবহার, যন্ত্রভিত্তিক শিক্ষণ বা মেশিন লার্নিংয়ের মৌলিক ধারণা, প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ, কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে কার্যকরভাবে কাজ করার জন্য নির্দেশনা তৈরির কৌশল বা প্রম্পট ইঞ্জিনিয়ারিং এবং বিভিন্ন মুক্ত উৎসভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা সরঞ্জামের ব্যবহার ৷ পাশাপাশি বাংলা ভাষার ডিজিটাল তথ্যভাণ্ডার তৈরি ও বিশ্লেষণ, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সাহিত্য বিশ্লেষণ, ডিজিটাল মানববিদ্যা এবং কম্পিউটারের সাহায্যে ধ্রুপদী ও আধুনিক বাংলা সাহিত্য নিয়ে গবেষণার নতুন পদ্ধতিও শেখানো হবে ৷

    বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক দেবারতি জানা বলেন, "ভাষা ও প্রযুক্তির এই সমন্বয় ভবিষ্যতের গবেষণায় নতুন সম্ভাবনা তৈরি করবে ৷" তাঁর মতে, এই কোর্সের অধীনে শিক্ষার্থীরা যে প্রকল্পগুলি তৈরি করবেন, সেগুলি শুধুমাত্র পরীক্ষার নম্বর পাওয়ার জন্য নয়, ভবিষ্যতে উচ্চতর গবেষণা, নতুন উদ্ভাবন, স্টার্ট-আপ গঠন কিংবা মেধাস্বত্ব অর্জনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে ৷ অর্থাৎ এই পাঠ্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা এমন দক্ষতা অর্জন করবেন, যা তাঁদের কর্মজীবন ও গবেষণা— উভয় ক্ষেত্রেই বাড়তি সুবিধা দেবে ৷

    শিক্ষাবিদদের একাংশের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ভাষা ও সাহিত্য শিক্ষাকেও সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগোতে হবে। বর্তমানে বাংলা ভাষায় বিপুল পরিমাণ ডিজিটাল তথ্য তৈরি হচ্ছে ৷ সেই তথ্য বিশ্লেষণ, ভাষার পরিবর্তন পর্যবেক্ষণ, অনুবাদ প্রযুক্তির উন্নয়ন, ডিজিটাল আর্কাইভ নির্মাণ, সাহিত্য গবেষণা এবং বাংলা ভাষাভিত্তিক বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর পরিষেবা তৈরির জন্য প্রশিক্ষিত মানবসম্পদের প্রয়োজন রয়েছে ৷ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগ সেই প্রয়োজন মেটানোর দিকেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷

    বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এই ভ্যালু অ্যাডেড কোর্সে ভর্তির জন্য বাংলা বিভাগে পড়াশোনা করা বাধ্যতামূলক নয় ৷ যে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ যে কোনও বিভাগের শিক্ষার্থী আবেদন করতে পারবেন ৷ ফলে বিজ্ঞান, কলা কিংবা বাণিজ্য— সব বিভাগের শিক্ষার্থীরাই এই কোর্সে অংশগ্রহণের সুযোগ পাবেন ৷ এর ফলে আন্তঃবিষয়ক শিক্ষারও প্রসার ঘটবে বলে মনে করছে বিশ্ববিদ্যালয় ৷ ইতিমধ্যে এই কোর্সে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৷ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আগ্রহী পড়ুয়ারা বিশ্ববিদ্যালয়ের সরকারি ওয়েবসাইটে গিয়ে কোর্স সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এবং আবেদন করতে পারবেন ৷

    উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার যখন দ্রুত বিস্তৃত হচ্ছে, তখন বাংলা ভাষা ও সাহিত্য শিক্ষার সঙ্গে সেই প্রযুক্তির কার্যকর সংযোগ স্থাপনের এই উদ্যোগ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ ৷ শুধু ভাষা ও সাহিত্যচর্চাকে আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত করাই নয়, ভবিষ্যতের গবেষণা, উদ্ভাবন, কর্মসংস্থান এবং ডিজিটাল মানববিদ্যার ক্ষেত্রেও এই কোর্স নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলে মনে করছে শিক্ষামহল ৷ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এই পদক্ষেপ বাংলা ভাষাকে প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের সঙ্গে আরও দৃঢ়ভাবে যুক্ত করার পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবেই বিবেচিত হচ্ছে ৷
  • Link to this news (eTV Bharat)