• জেন জ়ি আন্দোলনের আবহে মোদীর পাশে শরিকরা, প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা চন্দ্রবাবু-পবনের
    এই সময় | ০২ আগস্ট ২০২৬
  • কথাতেই আছে, ‘বন্ধুত্বের আসল পরিচয় দুঃসময়ে।’ NEET প্রশ্নফাঁস কাণ্ডে পড়ুয়াদের আন্দোলনের সূত্র ধরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব বিরোধীরা। পুরো ঘটনাক্রমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধী নেতৃত্ব। ঠিক সেই সময়েই মোদীর নেতৃত্বের প্রশংসা শোনা গেল NDA শরিকদের মুখে।

    শনিবার অন্ধ্রপ্রদেশের ভোগাপুরমে আল্লুরি সীতারাম রাজু আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের অনুষ্ঠানে হাজির ছিলেন নরেন্দ্র মোদী। সেই অনুষ্ঠানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য ও কটূক্তির ঘটনায় নিজের আবেগের কথা জানালেন অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী এবং জনসেনা পার্টির প্রধান পবন কল্যাণ। তিনি জানান, মোদীকে নিয়ে যে ধরনের ভাষা ব্যবহার করা হয়েছিল, তা তাঁকে অত্যন্ত কষ্ট দিয়েছিল। এমনকী সেই সময় তাঁর চোখে জল চলে এসেছিল বলেও জানান তিনি। তাঁর ঠায়, ‘দায়িত্ব গ্রহণের পর থেকে মোদী একদিনও ছুটি নেননি এবং অবিরাম ভারতকে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছেন। দেশের জন্য মোদীর এই নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের বিষয়টি তরুণ প্রজন্মের অবশ্যই অনুধাবন করা উচিত।’

    মোদীর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা তেলুগু দেশম পার্টি (TDP) প্রধান চন্দ্রবাবু নাইডুও। মোদীকে নিয়ে তাঁর বক্তৃতায় উঠে আসে ‘সঠিক সময়, সঠিক নেতা’র মতো মন্তব্য। এ দিনের অনুষ্ঠানে নাইডু জানান, পরিবেশগত ভারসাম্যহীনতা, অনিয়মিত বৃষ্টিপাত এবং বিশ্বজুড়ে অর্থনৈতিক চাপের মতো চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হচ্ছে দেশকে। কেন্দ্রীয় সরকার নাগরিকদের ভোগান্তি যথাসম্ভব কমিয়ে এসব পরিস্থিতি কার্যকরভাবে সামাল দিয়েছে। তিনি দৃঢ় আস্থা প্রকাশ করেন যে, মোদীর নেতৃত্বে ২০৪৭ সালের মধ্যে বিশ্বের শীর্ষস্থানীয় রাষ্ট্রে পরিণত হওয়ার সক্ষমতা ভারতের রয়েছে।

    অন্ধ্রপ্রদেশের রাজনীতিতে TDP, বিজেপি এবং জনসেনার জোট বর্তমানে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সমীকরণ তৈরি করেছে। পবন কল্যাণের জনসেনা পার্টি এবং চন্দ্রবাবু নাইডুর TDP-র সঙ্গে বিজেপির এই সমন্বয় জাতীয় রাজনীতিতেও এনডিএ-কে শক্তিশালী করেছে। বিশেষ করে ২০২৪ সালের নির্বাচনের পর অন্ধ্রপ্রদেশের রাজনীতিতে এই জোটের গুরুত্ব আরও বেড়ে যায়।

    অন্য দিকে, লোকসভায় টিডিপি ও জেডিইউ-এর মতো বড় দলের সমর্থন পাওয়ার পাশাপাশি সম্প্রতি তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে ২০ জন সাংসদ NCPI নামে একটি দলে যোগ দিয়েছেন। পার্লামেন্টে তাঁরা NDA-কে সমর্থন করছেন বলেও জানিয়েছেন। এমত অবস্থায় বাকি শরিকদের সমর্থন ও প্রধানমন্ত্রী মোদী নেতৃত্বের প্রতি আস্থাভাজন হওয়ার বার্তা NDA-কে অনেকটাই শক্তিশালী করল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

  • Link to this news (এই সময়)