• চিকিৎসায় গাফিলতির কারণে গর্ভস্থ শিশুর মৃত্যুর অভিযোগ
    News18 বাংলা | ০২ আগস্ট ২০২৬
  • চিকিৎসায় গাফিলতির জেরে গর্ভস্থ শিশুর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল কৃষ্ণনগর জেলা সদর হাসপাতালে। ঘটনাকে ঘিরে হাসপাতাল চত্বরে বিক্ষোভ, ধস্তাধস্তি ও উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ।

    অভিযোগ, ভীমপুর থানার কুলগাছি এলাকার বাসিন্দা অঙ্কিতা সাধুখাঁ প্রসব বেদনা নিয়ে গত ২৪ জুলাই কৃষ্ণনগর জেলা সদর হাসপাতালে ভর্তি হন। পরিবারের দাবি, দীর্ঘ সময় ধরে প্রসব বেদনা থাকলেও চিকিৎসকরা যথাযথ ব্যবস্থা নেননি। তাঁকে সিজার করা হয়নি, অন্য কোনও উন্নত চিকিৎসা কেন্দ্রে রেফারও করা হয়নি বলে অভিযোগ। পাশাপাশি হাসপাতালের চিকিৎসক ও কর্মীরা পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলেও অভিযোগ উঠেছে।

    পরিবারের দাবি, শনিবার গর্ভস্থ শিশুর নড়াচড়া বন্ধ হয়ে যায়। এরপর সিজার করা হলে মৃত সন্তান প্রসব করেন ওই প্রসূতি। ঘটনার জেরে প্রসূতির শারীরিক অবস্থারও অবনতি ঘটে বলে অভিযোগ পরিবারের।

    এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন প্রসূতির পরিবারের সদস্য ও আত্মীয়রা। অভিযোগ, তাঁরা হাসপাতালের ভিতরে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তারক্ষীরা বাধা দেন এবং মারধর করেন। এরপরই হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

    খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ। পুলিশের উপস্থিতিতেই প্রসূতির পরিবারের সদস্যদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের বচসা ও ধস্তাধস্তি শুরু হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন প্রসূতির পরিবারের সদস্যরা। তবে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।
  • Link to this news (News18 বাংলা)