এই সময়, মালদা: মালদার বেসরকারি বাস টার্মিনাসে বিজেপি প্রভাবিত ভারতীয় মজদুর সংঘের (বিএমএস) নাম করে তোলাবাজি, চালক ও খালাসিদের উপর অত্যাচারের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। বিষয়টি নিয়ে শনিবার বেশ কয়েক ঘণ্টা বাস চলাচল বন্ধ রেখে প্রতিবাদে সোচ্চার হোন শ্রমিক সংগঠনের কর্মীরা। বিক্ষোভ মিছিলও হয়। ইংরেজবাজার থানায় বেশ কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ইংরেজবাজার শহরের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় সংলগ্ন চত্বরেই রয়েছে গৌড়কন্যা বেসরকারি বাস টার্মিনাস। এই বাস টার্মিনাস থেকে বিভিন্ন পকেট রুটের প্রায় ৩৫০ বেসরকারি বাস দৈনিক চলাচল করে। এখানে ভারতীয় মজদুর সংঘের নাম করে একদল দুষ্কৃতীদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে তাঁরা এসে কয়েকজন চালক ও খালাসির উপর হামলা চালায়। তাঁদের কাছ থেকে টাকা, মোবাইল, সোনার চেন ছিনতাই করে বলে অভিযোগ। প্রতিদিন সন্ধ্যা থেকেই বাস টার্মিনাসে মদ ও জুয়ার আসর বসছে। প্রতিবাদ করতে গেলেই বিজেপির শ্রমিক সংগঠনের নাম করে ভয় এবং হুমকি দেখানো হচ্ছে। গৌড়কন্যা বাস টার্মিনাস চালক সংগঠনের সভাপতি সুশান্ত তলাপাত্র বলেন, ‘বেশ কিছুদিন ধরেই ভারতীয় মজদুর সংঘের নাম করে কয়েকজন বাসচালক, খালাসিদের কাছ থেকে টাকা আদায় করছে। জুয়ার আসর বসাচ্ছে। প্রতিবাদ করলে খুনের হুমকি দেওয়া হচ্ছে।’ বাসচালক সঞ্জীব দাশগুপ্ত বলেন, ‘আমাদের মতো সাধারণ বাসচালক ও খালাসিদের কাছ থেকে ৫০০ টাকা করে তোলা আদায় করা হচ্ছে। তোলা না দিতে পারলে এখানে কাজ করতে দেওয়া হবে না বলে ভয় দেখানো হচ্ছে।’
যদিও এ ব্যাপারে ভারতীয় মজদুর সংঘের মালদা জেলার সম্পাদক সুমিত মিত্র বলেন, ‘গৌড়কন্যা বাস টার্মিনাসে আমাদের কোনও সংগঠন নেই। যদি কেউ এই সংগঠনের নাম করে তোলাবাজি এবং অপরাধমূলক কাজকর্ম করে থাকে তাহলে অবশ্যই বিষয়টি নিয়ে পুলিশ ও প্রশাসনকে জানানো হবে।’ ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।