• নিমন্ত্রণ করা সত্ত্বেও যাননি? সাবধান! দিতে হবে জরিমানা, অভিনব পোস্টারে শোরগোল
    এই সময় | ০২ আগস্ট ২০২৬
  • এই সময়, চুঁচুড়া: নিমন্ত্রণ করা সত্ত্বেও যাঁরা বিবাহ বার্ষিকী অনুষ্ঠানে যাননি, তাঁদের ৫০০ টাকা করে জরিমানা দিতে হবে। শুধু জরিমানা দিলেই হবে না, বাড়িতে গিয়ে আশীর্বাদ করে আসতে হবে। এই আজব পোস্টারকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে চুঁচুড়া শহরে।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রীতিমতো কার্ড ছাপিয়ে নিজের বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানের জ‍ন্য অনেক লোককে আমন্ত্রণ জানিয়েছিলেন চুঁচুড়া পুরসভার জল সরবরাহ বিভাগের কর্মী সুখেন ঘোষ। কিন্তু আমন্ত্রণ পত্র পাওয়া সত্ত্বেও অনেকেই অনুষ্ঠানে আসেননি। সেই অভিমান থেকেই তাঁদের উদ্দেশে হুগলি-চুঁচুড়া পুরসভার বিভিন্ন এলাকায় এই অভিনব পোস্টার মেরেছেন সুখেন‍। সেটাই এখন চুঁচুড়ার ‘টক অফ টাউন’ হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়াতেও সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

    জানা গিয়েছে, পাইপলাইনের মিস্ত্রি সুখেন ঘোষের বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান ছিল গত ২৯ জুলাই। তার জন্য বিশেষ ভূরিভোজের ব্যবস্থা ছিল। কিন্তু আমন্ত্রিতদের অনেকেই অনেকেই অনুষ্ঠানে হাজির না হওয়ায় প্রচুর খাবার নষ্ট হয়। সেই কারণেই এই ধরনের পোস্টার ছাপিয়েছেন তিনি।

    পুরসভার ছাপোষা কর্মী হিসাবে অনেকেই সুখেনকে চেনেন। এর আগে তাঁকে কোনও দিন কোনও বিতর্কে জড়াতে দেখা যায়নি। সেই মানুষটি যে এমন একটা কাণ্ড বাঁধাতে পারেন, তা ভেবেও পাচ্ছেন না সহকর্মীরা। পুরসভার এক ইঞ্জিনিয়ারের কথায়, ‘যতদূর জানি, উনি খুব ভালো মানুষ। হঠাৎ কেন এই সব করতে গেলেন, বুঝতে পারছি না।’

    আমন্ত্রিত অতিথিদের অনেকেই মজার ছলে বলছেন, কেউ আমন্ত্রণ জানালে অবশ্যই যাওয়া উচিত। কিন্তু অনুষ্ঠানে না যাওয়ার জন্য অতিথিদের কাছে কেউ জরিমানা চেয়েছেন, এমন ঘটনা কোনও দিন কানে আসেনি। এখানেই শেষ নয়, এক ব্যক্তিকে চুল-দাড়ি কেটে অনুষ্ঠানে আসার জন্য ২০০ টাকা পকেটে গুঁজে দিয়েছিলেন সুখেন। কিন্তু তিনি অনুষ্ঠানে আসতে না পারায় সেই টাকাও ফেরত চেয়েছেন সুখেন।

  • Link to this news (এই সময়)