• মন্দিরবাজারে ভয়াবহ বাস দুর্ঘটনা! উল্টে গেল যাত্রীবোঝাই বাস, প্রাণ গেল কন্ডাকটরের, আহত একাধিক
    News18 বাংলা | ০২ আগস্ট ২০২৬
  • সাতসকালে মন্দিরবাজারে ভয়াবহ বাস দুর্ঘটনা মৃত ১, আহত একাধিক। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাস কন্ডাকটরের। জখম একাধিক। মন্দিরবাজারের গাববেড়িয়া মোড়ের দুর্ঘটনায় শিউরে উঠছেন অনেকেই।

    দুর্ঘটনার জেরে রামগঙ্গা রোডে কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে সরিয়ে নিয়ে যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় আজ সকালে ৮৯ রুটের বাস ঢোলাহাট থেকে লক্ষ্মীকান্তপুরের দিকে আসার পথে বেহাল রাস্তার জেরে একটি দুধের পিকআপ ভ্যানকে সাইড দিতে গিয়ে যাত্রী বোঝাই বাসটি উল্টে যায়।

    ঘটনায় বেশ কয়েকজন গুরুতর জখম হয়। এরমধ্যে ঘটনাস্থলে মৃত্যু হয় বাস কন্ডাকটর খোকন সর্দারের (৫৭)। বাস সংগঠন ও স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনার জন্য বেহাল রাস্তার দ্রুত মেরামত ও অবৈধ যান বন্ধের দাবি তুলেছেন।

    এ নিয়ে এই রুট দিয়ে যাতায়াতকারী বাস সংগঠনের সম্পাদক আস্তিক প্রামাণিক জানান, আমরা খুবই মর্মাহত যে বারবার এই ধরণের ঘটনা ঘটছে। প্রশাসনের কাছে দাবি করছি এই রাস্তা তাড়াতাড়ি মেরামত করা হোক এবং অবৈধ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। বারবার প্রশাসনের কাছে জানিয়েও কোন কাজ হয়নি বলে দাবি সংগঠনগুলির।

    এই ঘটনার পর মন্দিরবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনাগ্রস্থ বাসটিকে টেনে তোলার চেষ্টা করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

    অন‍্যদিকে, শনিবার সকালে বরানগরে ঘটে গেল এমনই মর্মান্তিক পথ দুর্ঘটনা। বরানগরের অনন্যা সিনেমা হল সংলগ্ন বিটি রোডে এই দুর্ঘটনায় প্রাণ হারায় খালসা মডেল স্কুলের দুই পড়ুয়া। ঘটনায় গুরুতর আহত হন তাঁদের বাবা। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
  • Link to this news (News18 বাংলা)