‘স্বাধীনতা মানে যা খুশি করা নয়’, মোদি-শাহর প্রশংসা করে জেন জি’কে সতর্ক করলেন ডোভাল
প্রতিদিন | ০২ আগস্ট ২০২৬
গত ১২ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সবচেয়ে বিশ্বস্ত যদি কেউ থেকে থাকেন তাহলে তাঁর নাম অজিত ডোভাল। প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়ে নরেন্দ্র মোদি প্রথম যে নিয়োগটি করেছিলেন, সেটা অজিত ডোভালকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে। সরকারের যে কোনও সংকটে আড়ালে থেকে নীরবে কাজ করে গিয়েছেন ডোভাল। তবে জেন জি বিক্ষোভের আবহে প্রকাশ্যেই মোদি-শাহ জুটির পাশে থাকার বার্তা দিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। সতর্ক করে দিলেন দেশের যুবসমাজকে। বলে দিলেন, “স্বাধীনতা মানেই যা খুশি করার অধিকার নয়।”
শনিবার ডোভালকে লোকমান্য তিলক পুরস্কারে পুরস্কৃত করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পুণেতে আয়োজিত এক অনুষ্ঠানে ডোভালের হাতে এই পুরস্কার তুলে দিয়ে তাঁর ভূয়সী প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “দেশের নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করতে এবং প্রতিরক্ষা ক্ষেত্রে বড় পরিবর্তন আনতে অজিত ডোভালের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিহাস স্বর্ণাক্ষরে তাঁর নাম স্মরণ করবে।”
এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়েই ডোভাল তরুণ প্রজন্মকে লোকমান্য তিলকের বাণী, ভারতের বিষয়ে তাঁর দৃষ্টিভঙ্গি এবং তাঁর মধ্যে থাকা দেশ গঠনের চেতনা নিয়ে চিন্তাভাবনা করার আহ্বান জানান। তিনি বলেন, “প্রত্যেক ভারতীয়র, বিশেষ করে আমাদের তরুণদের উচিত লোকমাণ্য তিলকের বাণী নিয়ে ভাবা। ভারতের জন্য তাঁর যে দৃষ্টিভঙ্গি ছিল এবং জাতি গঠনের যে চেতনা তিনি ধারণ করতেন, তা বিবেচনা করা প্রয়োজন।” এরপরই সরাসরি যুবসমাজকে তাঁর বার্তা, “আজকের যুবসমাজের দেশের স্বার্থের কাজ করার কথা ভাবা উচিত। তাঁদের উচিত ছোটখাটো ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করা। যদি কোনও ব্যক্তিগত স্বার্থ মাথায় আসেও সেটা এড়িয়ে যাওয়া উচিত।”
বস্তুত, সদ্য যন্তরমন্তরে যে জেন জি বিক্ষোভ হয়েছে, সেই বিক্ষোভের উদ্দেশ্য এবং ধরন নিয়ে অনেকেই সন্দিহান। অনেকেই মনে করছেন, শুধু শিক্ষা ব্যবস্থার সংস্কার বা জবাবদিহি নিশ্চিত করা ওই বিক্ষোভের উদ্দেশ্য ছিল না। এর নেপথ্যে সরকার ফেলার ষড়যন্ত্রও দেখেছেন অনেকে। এই আবহে এদিন মোদি শাহেরও প্রশংসা শোনা যায় ‘সুপার স্পাই’ ডোভালের মুখে।