• পাঠানো হবে জেলে, তোলাবাজি নিয়ে পদ্ম–বিধায়কদের কড়া হুঁশিয়ারির মুখে দলের কর্মীরা
    এই সময় | ০২ আগস্ট ২০২৬
  • এই সময়, দুর্গাপুর ও বর্ধমান: জঙ্গি আন্দোলন ও তোলাবাজি না–করার জন্য বিজেপি কর্মীদের সতর্ক করে দিলেন দুর্গাপুর পূর্ব আসনের পদ্ম–বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি দুর্গাপুরে একটি শ্রমিক সমাবেশে ভাষণে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, ‘কারখানার গেটে জঙ্গি আন্দোলন ও তোলাবাজি করলে গুন্ডাদমন আইনে ব্যবস্থা নেওয়া হবে।’ পূর্ব বর্ধমানের মেমারির বিজেপি বিধায়ক মানব গুহও ফেসবুকে চার জনের ছবি দিয়ে জানিয়েছেন, তাঁর নাম করে এরা তোলাবাজি করেছে। এদের ধরে জেলে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে তিনিও ওই পোস্টে হুঁশিয়ারি দিয়েছেন।

    বিজেপি রাজ্যে ক্ষমতায় এসেছে মাত্র তিন মাস হয়েছে। এর মধ্যেই নানা জায়গায় দলের একাংশের নেতা–কর্মীদের বিরুদ্ধে কোথাও অভিযোগ উঠেছে তোলাবাজির, কোথাও কারখানায় নিয়োগে জবরদস্তি করার। এমনকী এক নাবালিকার শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্তর বিরুদ্ধে পকসো আইনে মামলা প্রত্যাহারের জন্য তার বাবাকে চাপ দেওয়ার এবং মারধর করার অভিযোগও উঠেছে বিজেপির এক নেতার বিরুদ্ধে। সেই সব অভিযোগের পরিপ্রক্ষিতে বিজেপি বিধায়কদের হুঁশিয়ারি অত্যন্ত তাৎপর্যপুর্ণ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, পাণ্ডবেশ্বরের বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারিও দিন কয়েক আগেই দলের এক সভায় ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, ‘১৫ বছরে তৃণমূল যা অন্যায়–অত্যাচার করেছে, আমাদের ছেলেরা মাত্র আড়াই মাসে তাকে ছাপিয়ে গিয়েছে।’

    দুর্গাপুরের সভায় চন্দ্রশেখর বলেছেন, ‘পরিবর্তনের পরে দুর্গাপুরে শিল্পে জোয়ার আসছে। সরকারি অ্যালয় স্টিল প্লান্ট ও দুর্গাপুর স্টিল প্লান্ট একসঙ্গে যুক্ত হতে চলেছে। তার জন্য এক হাজার ৮০০ কোটি টাকা বিনিয়োগ হবে। একাধিক বেসরকারি কারখানাতেও বিনিয়োগ হচ্ছে। এই অবস্থায় কারখানার গেটে আগের মতো জঙ্গি আন্দোলন করলে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে।’ এই সঙ্গেই তিনি শ্রমিক আন্দোলনের নামে জঙ্গি আন্দোলন ও তোলাবাজি করলে গুন্ডাদমন আইনে ব্যবস্থা নেওয়ার কথা বলেন। সভায় দলীয় কর্মীদের সতর্ক করার পাশাপাশি শিল্পপতিদের উদ্দেশে চন্দ্রশেখর বলেছেন, ‘কোনও সমস্যা হলে স্থানীয় বিধায়কদের বলবেন। মুখ্যমন্ত্রীকে ফোন করবেন না।’

    অন্য দিকে, মেমারির বিজেপি বিধায়ক মানব গুহ ফেসবুকে চার জনের ছবি ও একটি ভিডিও পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি অভিযোগ করছেন, এই চার জন তাঁর নাম করে দলুইবাজার হাই রোডের কয়লার ডিপো থেকে টাকা তুলেছে। তিনি লিখেছেন, ‘সিসিটিভিতে ধরা পড়েছে, ব্যক্তিগুলোকে চিনতে পারলে জানান। এই কালপ্রিটগুলো জেলে যাবে। যেই হোক না কেন, কেউ বাঁচাতে পারবে না।’ বিধায়কের এই পোস্ট সামনেই আসতেই কমেন্ট বক্সে অনেকেই তাঁর প্রশংসা করেছেন। এই পোস্ট সম্পর্কে মানব শনিবার বলেন, ‘আমি যা ছিলাম, যা আছি, তাতেই সন্তুষ্ট। আমার নাম করে কেউ কোথাও পাঁচ টাকা তোলাবাজি করলেও আমি ছেড়ে দেবো না। মেমারিতে কোন অবৈধ,অনৈতিক কাজ হতে দেবো না।’

  • Link to this news (এই সময়)