• মন্ত্রীকে বাজারে পেয়েই অন্নপূর্ণা যোজনা নিয়ে প্রশ্ন
    আজকাল | ০২ আগস্ট ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: বঙ্গে বিজেপির প্রথম সরকার। তৃণমূল জমানার লক্ষ্মীর ভাণ্ডারের জায়গায় এখন রাজ্যে অন্নপূর্ণা ভাণ্ডার। ইতিমধ্যেই যোগ্য প্রাপকদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে অন্নপূর্ণা ভাণ্ডারের মাসিক তিন হাজার টাকা। অন্যদিকে সূত্রের খব, যাঁদের নাম ইতিমধ্যেই 'অন্নপূর্ণা যোজনা'র তালিকায় নথিভুক্ত হয়েছে, তাঁদের নথিপত্র আবারও যাচাই করা হচ্ছে। আয়ের উৎস, কোনও নথিপত্রে ভুল রয়েছে কিনা, সেটিও যাচাই করা হচ্ছে।

    এবার মন্ত্রীকে হাতের কাছে পেয়ে অন্নপূর্ণা যোজনা নিয়ে প্রশ্ন একাধিক মহিলার। রবিবার মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র পূর্ব বর্ধমানের একটি সবজি বাজারে দরদাম খতিয়ে  দেখতে যান সরেজমিনে। খতিয়ে দেখেন বাজারের সামগ্রিক ব্যবস্থাপনাও। ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে কোনো প্রকার অভিযোগ বা পাল্টা অভিযোগ আছে কি না,বাজারের ব্যবস্থাপনা যথোপযুক্ত কি না,নিরাপত্তা ঠিকঠাক আছে কি না তা বুঝে নেওয়ার চেষ্টা করেন। সেখানেই তাঁকে অন্নপূর্ণা যোজনা নিয়ে প্রশ্ন করেন স্থানীয়রা। 

    মন্ত্রীকে নিজেদের মাঝে পেয়ে, কেউ জিজ্ঞাসা করেন তাঁর টাকা কবে ঢুকবে। কেউ জানান নিজের পরিস্থিতির কথা। কেউ জানান, তিনি টাকা পাচ্ছেন না, সেই বিষয়টিও।  মন্ত্রী তাঁদের আশ্বস্ত করেন। জানান, ধীরে ধীরে সকলেই পাবেন এই প্রকল্পের টাকা। মন্ত্রী মৌমিতা  বিশ্বাস মিশ্র বলেন,  'দু'মাস সরকার এসেছে। অনেকের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে। কিন্তু সব এন্ট্রি এখনও হয়নি। ভেরিফিকেশন চলছে। একমাস-দু'মাস দেরি হতে পারে। কিন্তু যাঁরা পাবার সকলেই পেয়ে যাবেন।'

    অন্যদিকে বাজার ঘুরে মন্ত্রী জানান, সেই অর্থে বড় কোনও অভিযোগ নেই, তবে বাজারের নিরাপত্তা ও পরিকাঠামোগত কিছু উন্নয়ন প্রয়োজন। সংশ্লিষ্ট দপ্তরকে এই বিষয়ে দেখে নিতে বলা হয়েছে বলে জানান। একই সঙ্গে বাজারের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য পুলিশকেও নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান। 

     
  • Link to this news (আজকাল)