• এবার কয়লা চুরি রুখে দেবে আমজনতাই! খনি এলাকায় অভিনব ঘোষণা ইসিএলের
    প্রতিদিন | ০২ আগস্ট ২০২৬
  • এবার কয়লা চুরি দেখলেই ব্যবস্থা নিতে পারবেন সাধারণ মানুষ। অবৈধভাবে কয়লা খনন ও চুরি দেখলেই তৎক্ষনাৎ ছবি তুলে পাঠানোর আবেদন জানায় ইসিএল। কয়লা চুরি রুখতে ইসিএলের ‘খনন প্রহরী’ অ্যাপের (Khanan Prahari App) মাধ্যমে ছবি ও তথ্য পাঠাতে পারবেন যে কেউ। পাশাপাশি এ নিয়ে সংস্থার কর্মীদেরও আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফে। ইসিএল সূত্রের খবর, ছবি ও তথ্য যাঁরা পাঠাবেন, তাঁদের নিরাপত্তার খাতিরে এই সংক্রান্ত তথ্য সরবরাহকারীর নাম ও পরিচয় গোপন রাখা হবে।

    ‘খনন প্রহরী’ মোবাইল অ্যাপ কী?
    এতে খনি এলাকার ম্যাপ–সহ অভিযোগ জানানোর জায়গা রয়েছে। কোথায় অবৈধ খনন হচ্ছে বা কয়লা চুরি হচ্ছে, তার সংক্ষিপ্ত তথ্য, বিবরণ–সহ ছবি পোস্ট করতে হবে। দাতার পাঠানো ছবি ও বিবরণ সরাসরি ইসিএলের নিরাপত্তা বিভাগে পৌঁছে যাবে। সেই অভিযোগের ভিত্তিতেই অফিসার ও কর্মীরা স্থান চিহ্নিত করে পদক্ষেপ করবেন। ইসিএল সূত্রে জানা গিয়েছে, গুগুল প্লে-স্টোর থেকে এই অ্যাপ ডাউনলোড করা যাবে।

    ২০১৮ সালে তৎকালীন কেন্দ্রীয় কয়লামন্ত্রী পীযুষ গোয়েলের উদ্যোগে কয়লা চুরি বন্ধ করতে এই ডিজিটাল ব্যবস্থা চালু হয়। চালু হয়েছিল ‘খনন প্রহরী’ অ্যাপটি। এত দিন সংস্থার কর্মীরা এই অ্যাপ ব্যবহার করতেন। এবার বিস্তীর্ণ খনি এলাকার আমজনতাকেও এই অ্যাপ ব্যবহার করে কয়লা চুরি রোখার আবেদন ইসিএলের। ইসিএলের এক আধিকারিক সতীশকুমার ঝা জানিয়েছেন, কয়লার মতো মূল্যবান সম্পদের উপযুক্ত ব্যবহার প্রয়োজন। কয়লা চুরি রুখতে সবার সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। তাই বিশেষ অ্যাপ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)