শীঘ্রই শুরু হবে সমীক্ষার কাজ! হকার সমস্যা সমাধানে স্টেট মনিটরিং কমিটি গড়ার পরিকল্পনা নবান্নর
প্রতিদিন | ০২ আগস্ট ২০২৬
হকার সমস্যা সমাধানে স্টেট মনিটরিং কমিটি গড়ার পরিকল্পনা করছে নবান্ন। সেই কমিটির সঙ্গে যৌথভাবে সমীক্ষার কাজ করবে হকারদের ইউনিয়নের প্রতিনিধিরাও। শনিবার পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের সঙ্গে দেখা করেন হকার্স জয়েন্ট অ্যাকশন কমিটির ৬ সদস্যের একটি দল। সেখানে তারা নিজেদের একাধিক দাবি জানায়।
বৈঠক শেষে সংগঠনের তরফে জানানো হয়েছে, কলকাতা পুরসভা এলাকায় ২০১৫ সাল পর্যন্ত ৫৯ হাজার ৫৯ জনের তালিকা রয়েছে। তাঁদের নিয়ে সরকার ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে তাঁদের আশ্বাস দেওয়া হয়েছে। ওই সময়ের পরে যাঁরা রাস্তা দখল করে বসেছেন, সে বিষয়ে সরকার পরে ভাবনাচিন্তা করবে। এই বিষয়ে সুস্পষ্ট কোনও আশ্বাস মেলেনি। তবে নিয়ম ভেঙে যারা হকারি করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এদিন পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন হকার ইউনিয়নের প্রতিনিধিরা। তাঁদের বক্তব্য, নিয়ম অনুযায়ী ফুটপাতের তিন ভাগের এক ভাগ অংশে দোকানদারি করা যেতে পারে। ফুটপাত পুরো দখল করা তাঁরাও সমর্থন করেন না। স্থানীয় নেতা এবং পুলিশ প্রশাসনের মাধ্যমেই তা হচ্ছে বলে জানান তারা।
এ বিষয়ে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, “হকার সংগঠনের প্রতিনিধির সঙ্গে আমাদের প্রাথমিক একটা আলোচনা হয়েছে। তবে যা সিদ্ধান্ত নেওয়ার মুখ্যমন্ত্রী নেবেন। পুজো পর্যন্ত কোনও হকার উচ্ছেদ হবে না বলে জানানো হয়েছিল সেই সিদ্ধান্তই বহাল থাকছে।” হকার্স জয়েন্ট অ্যাকশন কমিটির সাধারণ সম্পাদক অসিত সাহা বলেন, “আমরা পুর ও নগরোন্নয়ন মন্ত্রীর কাছে আমাদের বিভিন্ন দাবি জানিয়েছি, তিনি আশ্বাস দিয়েছেন। একটা স্টেট মনিটরিং কমিটি হবে। তাঁরা সমীক্ষার কাজ করবেন। তারপরে আবার এই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনায় বসব।”