ছোট্ট ভুলে এক মিনিটেই হাওয়া আস্ত চারচাকা, মাত্র ১২ ঘণ্টায় আসল খেলা দেখিয়ে দিল পুলিশ
News18 বাংলা | ০৩ আগস্ট ২০২৬
গাড়িতে চাবি রেখেই কয়েক মুহূর্তের জন্য নেমেছিলেন চালক। সেই সুযোগে চারচাকা যাত্রীবাহী গাড়ি নিয়ে চম্পট দেয় এক দুষ্কৃতী। তবে মালদহ থানার পুলিশের তৎপরতায় অভিযোগ দায়েরের মাত্র ১২ ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া গাড়ি উদ্ধার হয়। একই সঙ্গে ঘটনায় জড়িত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের এই দ্রুত পদক্ষেপে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন গাড়ির মালিক, পাশাপাশি মালদহ থানার ভূয়সী প্রশংসা করেছেন স্থানীয়রাও।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া গাড়িটির মালিক কার্তিক সাহা। তিনি একটি বেসরকারি নার্সিংহোমে ভাড়ায় গাড়ি পরিষেবা দিয়ে থাকেন। গত শুক্রবার প্রতিদিনের মত তাঁর চালক মাধাইপুর এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের ধারে কিছুক্ষণের জন্য গাড়ি থামিয়ে চাবি সহ নেমে যান। সেই সুযোগেই অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি গাড়িটি নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও গাড়ির সন্ধান না মেলায় মালদহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন গাড়ির মালিক।
অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ। বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গাড়িটির গতিপথ চিহ্নিত করেন তদন্তকারীরা। শেষ পর্যন্ত মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানা এলাকা থেকে গাড়িটি উদ্ধার করা হয়। ঘটনায় যুবরাজ রমেশ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার উদ্ধার হওয়া গাড়িটি মালিক কার্তিক সাহার হাতে তুলে দেয় মালদহ থানার পুলিশ। গাড়ি ফিরে পেয়ে তিনি বলেন, “চালকের অসাবধানতার সুযোগ নিয়ে গাড়িটি চুরি হয়ে যায়।
অভিযোগ জানানোর মাত্র ১২ ঘণ্টার মধ্যেই মালদহ থানার পুলিশ মুর্শিদাবাদ থেকে গাড়িটি উদ্ধার করে ফিরিয়ে দিয়েছে। পুলিশের এই দ্রুত ও দক্ষ পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়।” ধৃত অভিযুক্তকে মালদহ জেলা আদালতে পেশ করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত চলছে। অল্প সময়ের মধ্যেই চুরি যাওয়া গাড়ি উদ্ধার করায় মালদহ থানার পুলিশকে সাধুবাদ জানিয়েছেন গাড়ির মালিকসহ স্থানীয় বাসিন্দারা।