পাক-টার্গেটে মুখ্যমন্ত্রী! নিরাপত্তা বাড়িয়ে বুলেটপ্রুফ গাড়িতে কাঁথি থেকে কলকাতায় শুভেন্দু
প্রতিদিন | ০৩ আগস্ট ২০২৬
পাক জঙ্গিদের টার্গেটে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দিন দুই আগে বর্ধমান থেকে জইশ-ই-মহম্মদ জঙ্গিগোষ্ঠীর সদস্য হামিম মণ্ডলকে গ্রেপ্তারির পর রাজ্য পুলিশের এসটিএফ এ সম্পর্কে বিশদ তথ্য জানতে পেরেছে। এই খবর প্রকাশ্যে আসতেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বৃদ্ধির দাবি উঠেছে নানা মহলে। তাঁর সুরক্ষার কথা মাথায় রেখে দ্রুতই শুভেন্দু অধিকারীর জন্য বুলেটপ্রুফ গাড়ি এল। রবিবার সন্ধ্যায় নিজের বাড়ি কাঁথির ‘শান্তিকুঞ্জ’ থেকে সেই গাড়িতে চড়ে কলকাতা রওনা দিলেন মুখ্যমন্ত্রী।
শনিবার রাজ্য পুলিশের এসটিএফের আইজি গৌরব শর্মা সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, বর্ধমান থেকে গ্রেপ্তার হওয়া জঙ্গি হামিম মণ্ডল পাক মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যুক্ত। পাকিস্তানে তার প্রশিক্ষণ হয়েছে। সোশাল মিডিয়ায় মগজধোলাইয়ের মাধ্যমে তাকে বিশেষ ‘টাস্ক’ দেওয়া হয়েছিল। এসটিএফের হাতে আসা তথ্য অনুযায়ী, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধির খুঁটিনাটি নজর রাখার দায়িত্ব ছিল হামিমের উপর। তিনি কোথায় যাচ্ছেন, দিনভর কী করছেন, কোথায় তাঁর নিরাপত্তা খানিকটা ঢিলে – এসব তথ্য জানার কাজ করত হামিম। এসটিএফের কথায়, মুখ্যমন্ত্রীর ‘আনগার্ডেড লোকেশন’ চিহ্নিত করার দায়িত্ব দেওয়া হয়েছিল। যাতে ষড়যন্ত্রের ব্লু প্রিন্ট ছকতে সুবিধা হয়।
এই তথ্য জানার পর কলকাতা থেকে কাঁথি যাওয়ার রাস্তা, ১৬ নং জাতীয় সড়ক মুখ্যমন্ত্রীর যাতায়াতের রাস্তায় নিরাপত্তা বাড়ানো হয়েছিল কয়েকগুণ। আসলে শুভেন্দু অধিকারী সাধারণত প্রতি সপ্তাহান্তে কলকাতা থেকে নিজের কাঁথির বাড়িতে যান। আবার রবিবার ফিরে আসেন। তাঁর যাওয়ার রাস্তাই ১৬ নং জাতীয় সড়ক। জঙ্গিরা তাঁর পথের ফাঁকফোকর খুঁজছে, তা জানতে পেরে মন্ত্রী অর্জুন সিং, অগ্নিমিত্রা পাল সকলেই দাবি করছিলেন, মুখ্যমন্ত্রীর বুলেটপ্রুফ গাড়িতে যাতায়াত করা উচিত। অর্জুন সিং তো জনসমাগমে শুভেন্দুর মেলামেশা নিয়েও সতর্ক করেছিলেন। এসটিএফের কাছ থেকে এসব তথ্য জানার পর রবিবারই মুখ্যমন্ত্রীর জন্য বুলেটপ্রুফ গাড়ি দেওয়া হল। সেই সাদা গাড়িতে চড়ে রবিবার সন্ধ্যায় কাঁথি থেকে কলকাতায় ফিরলেন মুখ্যমন্ত্রী। তাঁর নিরাপত্তা বলয়ে আরও কিছু জুড়বে কি না, তা এখনও জানা নেই।