সাময়িক বিরতির পরে আজ, সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের একাধিক জেলার জন্য ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গেই ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গেও বৃষ্টি অব্যাহত। উত্তরের একাধিক জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
মৌসুমি অক্ষরেখা বর্তমানে রাজস্থান থেকে মালদা হয়ে উত্তর-পূর্ব ভারতের মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ ছাড়াও, রাজস্থান থেকে উত্তর-পূর্ব বিহার পর্যন্তও একটি নিম্নচাপ অক্ষ বিস্তৃত রয়েছে। এই দুইয়ের কারণে রাজ্যে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী, সোমবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতায়। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সকাল সাড়ে ছ’টা থেকে সোমবার সকাল সাড়ে ছ’টার মধ্যে কলকাতায় ০.৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
দক্ষিণবঙ্গে সোমবার থেকে বৃষ্টির পরিমাণ ও তীব্রতা বৃদ্ধি পেতে পারে। উত্তর ২৪ পরগনা, হুগলি এবং নদিয়ায় ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) কমলা সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা-সহ বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
উত্তরবঙ্গে আজ সোমবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির (৭ থেকে ২০ সেন্টিমিটার) কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্য দিকে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের আবহাওয়া এমনই থাকবে। শুক্রবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কম হতে পারে।
এক নজরে
FAQ
কলকাতায় আজ আবহাওয়া কেমন থাকবে?
কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে এবং বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে?
দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, হুগলি এবং নদিয়া জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি কোন কোন জেলায় হতে পারে?
উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে।
রাজ্যে বৃষ্টির এই দাপট কতদিন চলবে?
দক্ষিণবঙ্গে শুক্রবার পর্যন্ত বৃষ্টি চলবে। অন্যদিকে, উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত এমন পরিস্থিতি থাকবে এবং শুক্রবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে।
রাজ্যে হঠাৎ বৃষ্টি বৃদ্ধির মূল কারণ কী?
বর্তমানে রাজস্থান থেকে মালদা হয়ে মণিপুর পর্যন্ত একটি মৌসুমি অক্ষরেখা এবং রাজস্থান থেকে বিহার পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষ বিস্তৃত রয়েছে। এই জোড়া কারণেই বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে।