বিহারের বাঁকিপুর, মধ্যপ্রদেশের দাতিয়া এবং গুজরাতের মঞ্জলপুর উপ নির্বাচনের ভোটগণনা সোমবার সকালে শুরু হয়েছে। বাঁকিপুর কেন্দ্রে এগিয়ে রয়েছেন ভোটকুশলী ও জন সুরজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। দাতিয়া কেন্দ্রে নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের ঘনশ্যাম সিংয়ের চেয়ে এগিয়ে রয়েছেন বিজেপি-র আশুতোষ তিওয়ারি। মঞ্জলপুর কেন্দ্রে এগিয়ে রয়েছেন বিজেপির সতীশ গোবিন্দভাই প্যাটেল। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের ভিখাভাই রাবারি। ভিখাভাই গুজরাত কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট।
চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি কলকাতা হাইকোর্ট খারিজ করে দেওয়ায় সুপ্রিম কোর্টে মামলা করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সেই মামলার শুনানি হওয়ার কথা শীর্ষ আদালতে। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য গত ২০ জুলাই অভিষেকের বিদেশ যাত্রার আবেদন খারিজ করে দেন। সুপ্রিম কোর্টের মামলায় অভিষেকের আবেদন, প্রয়োজনীয় চিকিৎসা দেশে পাওয়া যাচ্ছে না। তাই তাঁর বিদেশ যাত্রা জরুরি।
দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে তল্লাশি অভিযানে আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ ও বোমা উদ্ধার করে এক তৃণমূল বুথ সভাপতিকে গ্রেপ্তার করল ক্যানিং থানার পুলিশ। ধৃতের নাম আলাউদ্দিন তরফদার। তিনি ক্যানিং থানার দীঘির পাড় গ্রাম পঞ্চায়েতের উত্তর অঙ্গদ বেড়িয়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় তৃণমূলের বুথ সভাপতি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
সোমবার সকালে সায়েন্স সিটির কাছে দুর্ঘটনা। সায়েন্স সিটির কাছে ইএম বাইপাসে ডিভাইডারে ধাক্কা মারে একটি গাড়ি। দুর্ঘটনায় আহত হয়েছেন গাড়ির চালক-সহ ২ জন।
সুপ্রিম কোর্ট, বিভিন্ন হাইকোর্ট এবং জেলা আদালতগুলিতে ৫ কোটি ৬৪ লক্ষ মামলার এখনও নিষ্পত্তি হয়নি। রাজ্যসভায় এই তথ্য দিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। তিনি জানিয়েছেন, কেবল সুপ্রিম কোর্টেই জমে রয়েছে ৯৬ হাজারের বেশি মামলা, তার মধ্য়ে ১০ হাজার মামলা নিষ্পত্তি হওয়ার মুখে। দেশের বিভিন্ন হাইকোর্টে ৩০ বছরের বেশি জমে থাকা মামলার সংখ্য়া ৮০ হাজার ৬৬০টি।
ভোররাতে ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। কোথায় ঘটেছে এই ঘটনা? রবিবার রাত ৩টে ২৫ মিনিটে বিহারের সিমরি বখতিয়ারপুর স্টেশনে। জানা গিয়েছে, বেশ কয়েকজন যাত্রী-সহ সমস্তিপুর-সহর্ষা প্যাসেঞ্জার ট্রেনটি স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে ঢোকে। তার পরেই ট্রেনের ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। যদিও, ট্রেনের মধ্যে থাকা যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নেমে যাওয়ায় প্রাণহানি এড়ানো গিয়েছে।
ঝাড়খণ্ড ও বিহারে বাজ পড়ে পাঁচ মহিলা-সহ ১১ জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, রবিবার ঝাড়খণ্ডের রামগড় ও গোড্ডা জেলায় পৃথক দুই দুর্ঘটনায় পাঁচ মহিলা মারা যান। বাজ পড়ে জখম হয়েছেন অন্য চার জন। মৃতদের মধ্য়ে তিন মহিলা রামগড়ের পত্রাতু ব্লকের বাসিন্দা। গোড্ডার মহেশপুর-রামপুর গ্রামে বাড়ি অন্য দুই মহিলার। সকলেই খেতে ধানের চারা রোপন করছিলেন। অন্যদিকে, বিহারের বাঁকা জেলায় রবিবার বাজ পড়ে ছয় জনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
দক্ষিণবঙ্গে আজ, সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও শুক্রবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি।