চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে বিপত্তি, RPF-এর তৎপরতায় বাঁচলেন ২ ভক্ত
News18 বাংলা | ০৩ আগস্ট ২০২৬
চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে বিপত্তি! আরপিএফ-এর তৎপরতায় রক্ষা পেলেন দুই কাঁভারিয়া ভক্ত। চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে বড়সড় দুর্ঘটনার মুখে পড়েছিলেন দুই কাঁভারিয়া ভক্ত। তবে কর্তব্যরত আরপিএফ কনস্টেবলের উপস্থিত বুদ্ধি ও দ্রুত পদক্ষেপে অল্পের জন্য রক্ষা পেলেন তাঁরা। ঘটনাটি ঘটেছে পূর্ব রেলের মালদহ ডিভিশনের সুলতানগঞ্জ রেলস্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে।
ইতিমধ্যেই ঘটনাটির সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই তা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়তেই রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেন নম্বর ১২৩৬৮ বিক্রমশীলা এক্সপ্রেস স্টেশন ছেড়ে যাত্রা শুরু করার পরও দুই কাঁভারিয়া ভক্ত চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করেন। তাঁদের মধ্যে একজন ইতিমধ্যেই প্ল্যাটফর্মে নেমে পড়েছিলেন এবং অন্যজনকে নামতে সাহায্য করার চেষ্টা করছিলেন।
সূত্রের খবর, সেই সময়ই দু’জনের ভারসাম্য নষ্ট হয়ে বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। ঠিক সেই মুহূর্তে শ্রাবণী মেলার নিরাপত্তার দায়িত্বে সুলতানগঞ্জ স্টেশনে মোতায়েন থাকা বারহারওয়া আরপিএফ পোস্টের কনস্টেবল মৃত্যুঞ্জয় কুমার দ্রুত পরিস্থিতির গুরুত্ব বুঝে অসাধারণ তৎপরতা ও উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে তিনি দুই ভক্তকে নিরাপদে প্ল্যাটফর্মে সরিয়ে আনেন। তাঁর এই সাহসী পদক্ষেপে সম্ভাব্য মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
পূর্ব রেলের মালদহ ডিভিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রাবণী মেলাকে কেন্দ্র করে বিপুল সংখ্যক ভক্তের সমাগমের কথা মাথায় রেখে স্টেশন ও ট্রেনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ডিভিশনাল রেলওয়ে ভারপ্রাপ্ত সহকারী নিরাপত্তা কমিশনার বরুণ কুমার বেহেরা-র তত্ত্বাবধানে আরপিএফের বিশেষ নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা কার্যকর রয়েছে, যাতে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা যায়।
ঘটনার পর রেল কর্তৃপক্ষ আবারও যাত্রীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। চলন্ত ট্রেনে ওঠা বা নামার চেষ্টা না করার পাশাপাশি সব সময় রেলের নিরাপত্তা বিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে। রেলের মতে, সামান্য অসতর্কতাই বড় দুর্ঘটনার কারণ হতে পারে, তাই সচেতনতা ও সতর্কতাই নিরাপদ যাত্রার একমাত্র উপায়।