• ‘বিয়ে করব’ বলে ভাড়া নেওয়া ফ্ল্যাটে টাকার পাহাড়! গুনতে ৩ মেশিন, বীরভূমের পর এবার মালদহ
    News18 বাংলা | ০৩ আগস্ট ২০২৬
  • : মালদহে কোটি কোটি টাকার পাহাড়! টাকা গুনতে আনতে হল তিনটি মেশিন, বিশেষ অভিযানে পুরাতন মালদহের মঙ্গলবাড়ির একটি ফ্ল্যাট থেকে উদ্ধার আড়াই কোটিরও বেশি নগদ। পার্শ্ববর্তী জেলা দক্ষিণ দিনাজপুরে নিষিদ্ধ কফ সিরাপ পাচার মামলার তদন্তে বড় সাফল্য পেল পুলিশ। সেই তদন্তের সূত্র ধরেই এবার রবিবার রাতে মালদহের পুরাতন মালদহ থানার মঙ্গলবাড়ি এলাকায় একটি ভাড়া ফ্ল্যাটে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে আড়াই কোটিরও বেশি নগদ টাকা। বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের ঘটনায় জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৫ জুলাই দক্ষিণ দিনাজপুর জেলার মেহেন্দ্রীপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১,৫০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করা হয়। ওই ঘটনায় চারজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদে মালদহে এই পাচারচক্রের আর্থিক লেনদেনের গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে। এরপরই ধৃতদের সঙ্গে নিয়ে বিশেষ অভিযান চালায় তদন্তকারী দল। অভিযানে অংশ নেয় স্পেশ্যাল অপারেশন টিমের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ এবং মালদহ থানার পুলিশ। তদন্তের ভিত্তিতে পুরাতন মালদহের মঙ্গলবাড়ি এলাকার একটি বহুতলের তৃতীয় তলায় ভাড়া নেওয়া একটি ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়।

    পুলিশ জানিয়েছে, ওই ভবনটির মালিক দিলীপ সাহা এবং ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন পিন্টু সরকার। তল্লাশিতে ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার হয়। এত বেশি টাকা উদ্ধার হওয়ায় ঘটনাস্থলেই তিনটি কারেন্সি কাউন্টিং মেশিন এনে টাকা গণনার কাজ শুরু করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আড়াই কোটিরও বেশি নগদ টাকা গণনা করা হয়েছে। তবে গণনার কাজ এখনও চলায় উদ্ধার হওয়া টাকার পরিমাণ আরও বাড়তে পারে বলে তদন্তকারী সূত্রের অনুমান।

    পুলিশের দাবি, এই বিপুল নগদ অর্থ নিষিদ্ধ কাফ সিরাপ পাচারচক্রের আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত চলছে এবং উদ্ধার হওয়া অর্থের উৎস, পাচারচক্রের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের পরিচয় ও আর্থিক যোগসূত্র খুঁজে বের করার চেষ্টা করছে তদন্তকারী দল। ফ্ল্যাট মালিক দিলীপ সাহা জানিয়েছেন, ‘ছেলেটা এলাকার ছেলে। বলেছিল বিয়ে করব। আর সেইজন্য ফ্ল্যাট ভাড়া নিতে চেয়েছিল। পরিচিত হওয়ার জন্য ভাড়া দিয়েছিলাম। পরে শুনছি, ও বাবা! এমন কাণ্ড।’
  • Link to this news (News18 বাংলা)