ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাতের Alert, রাজ্যের ১৫ জেলায় সতর্কতা জারি করল হাওয়া অফিস
আজ তক | ০৩ আগস্ট ২০২৬
ফের বর্ষার বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা। তবে শুধুমাত্র শহর নয়, সপ্তাহের প্রথম দিন সোমবারই ঝোড়ো হাওয়ার সঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের সাক্ষী থাকতে পারে রাজ্যের একাধিক জেলা। উত্তর থেকে দক্ষিণ, গোটা রাজ্যেই চিত্রটা একই। আজ কোন জেলায় আবহাওয়া কেমন থাকবে? জেনে নেওয়া যাক
কলকাতায় আবহাওয়ার পূর্বাভাস
রবিবার বেশ ভারী বৃষ্টিপাত হয়েছে শহরের একাধিক এলাকায়। যদিও কোনও কোনও জায়গায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হয়েছে। রবিবার রাতে আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ সাধারণত মেঘলা থাকবে। শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এই সময়ে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৮ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৯ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৮ ডিগ্রি বেশি। অর্থাৎ গরমে রীতিমতো সমস্যায় পড়তে হয়েছে আমজনতাকে।
১ আগস্ট রাত ৮টা ৩০ মিনিট থেকে ২ আগস্ট রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত কলকাতায় ০.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়াও, ২ আগস্ট সকাল ৮টা ৩০ মিনিটের পর থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত ০.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে শহরে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
রাজ্যের মোট ১৫টি জেলায় জারি রয়েছে সতর্কতা। এরমধ্যে ৬টি জেলা রয়েছে দক্ষিণবঙ্গে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই অনেক বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়াও, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার এক-দু'টি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
আজ উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের সব জেলাতেই অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও, দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার এক-দু'টি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির (৭-২০ সেমি) সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা।
পাশাপাশি কোচবিহার, উত্তর দিনাজপুর এবং কালিম্পং জেলার এক-দু'টি জায়গায় ভারী বৃষ্টির (৭-১১ সেমি) পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এদিকে মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলার এক-দু'টি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এই জেলাগুলির জন্য জারি রয়েছে হলুদ সতর্কতা।