ভয়াবহ পথদুর্ঘটনা শান্তিপুরে। মৃত্যু দম্পতির। সোমবার সকালে নদিয়ার শান্তিপুর বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। লরির কেবিনে আটকে যান ওই দম্পতি। গ্যাস কাটার দিয়ে কেবিনের অংশ কেটে উদ্ধার করা হয় মৃতদেহগুলি। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়।
স্থানীয় সূত্রে খবর, এ দিন সকালে শান্তিপুর বাইপাস এলাকায় একটি লরির সামনের অংশ দুমড়ানো অবস্থায় দেখা যায়। এলাকার লোকজন গিয়ে দেখেন, লরির ভিতরে এক ব্যক্তি ও এক মহিলা আটকে রয়েছেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ ও ট্র্যাফিক পুলিশ। লরির সামনের অংশ কেটে দেহ বের করে আনা হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের অনুমান, কোনও গাড়িকে পিছন থেকে ধাক্কা দেওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। কিন্তু সে ক্ষেত্রে দ্বিতীয় গাড়িটি কোথায় গেল? তা নিয়েও প্রশ্ন উঠছে। সব দিক খোলা রেখেই তদন্ত শুরু হয়েছে।