টুলু, মিনারের পর সামনে আরও এক নাম! বীরভূমে টাকা উদ্ধার কাণ্ডে গ্রেফতার টুলুর আরেক ম্যানেজার
News18 বাংলা | ০৩ আগস্ট ২০২৬
বীরভূমে মিনার মণ্ডলের বাড়িতে টাকা উদ্ধারের ঘটনায় গ্রেফতার আরও এক৷ সিতেশ প্রামাণিক নামে ধৃত ব্যক্তি টুলু মণ্ডলের আর এক ম্যানেজার বলেই জানা গিয়েছে৷ গতকাল, রবিবার সিতেশকে গ্রেফতার করে পুলিশ৷
সূত্রের খবর, বীরভূমের ‘পাথরসম্রাট’ টুলু মণ্ডলের এই ম্যানেজারকে রবিবার রাতে গ্রেফতার করে মহম্মদবাজার থানার পুলিশ। দীর্ঘ জিজ্ঞেসবাদের পরেই তাকে গ্রেফতার করা হয় বলেই জানা গিয়েছে।
প্রসঙ্গত, বীরভূমে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয় তথা ম্যানেজার ছিলেন মিনার মণ্ডল৷ এই মিনার মণ্ডলের বাড়ি থেকেই উদ্ধার হয় থরে থরে সাজানো কোটি কোটি টাকা এবং সোনা৷ ইতিমধ্যেই মিনার মণ্ডলকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের দাবি, একাধিক ব্যবসার সঙ্গে যুক্ত টুলু মণ্ডল ওরফে মহম্মদ নাজিমুদ্দিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই মিনার। টুলু মণ্ডলের কথিত র্যাকেটের টাকা মিনার মণ্ডলের বাড়িতে রাখা হয়েছিল বলেই প্রাথমিক তদন্তে উঠে এসেছে বলে পুলিশ সূত্রের খবর। তবে এখনও পলাতক টুলু মণ্ডল৷
এই র্যাকেটের সঙ্গে আরও বেশ কয়েকজনের যোগ রয়েছে বলে তদন্তকারীদের সন্দেহ। তাঁদের খোঁজে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। উদ্ধার হওয়া টাকা ও সোনার উৎস এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে, সিল করে দেওয়া হয়েছে মিনার মণ্ডলের অত্যন্ত সাদামাটা দেখতে গ্রামের দোতলা বাড়ি।
বীরভূমের পাথর দুর্নীতির পাশাপাশি রাস্তার কাজের টেন্ডার দুর্নীতিতেও নাম জড়িয়েছে প্রভাবশালী টুলু মণ্ডলের। অভিযোগ, বীরভূমের গণ্ডি পেরিয়ে পূর্ব মেদিনীপুর জেলার এগরাতেও ছড়িয়ে পড়েছে এই দুর্নীতির জাল। সাড়ে নয় কোটি টাকার একটি রাস্তার টেন্ডার পাইয়ে দেওয়াকে কেন্দ্র করে বড়সড় অনিয়ম এবং হুমকির বিস্ফোরক অভিযোগ সামনে এসেছে। পূর্ব মেদিনীপুরের এগরার কশবা গোলা থেকে পানিপারুল পর্যন্ত রাস্তা নির্মাণের জন্য সাড়ে নয় কোটি টাকার একটি টেন্ডার ডাকা হয়।