• রেললাইনের ধারে পড়ে আছে জোড়া দেহ... সাতসকালে আঁতকে উঠল স্থানীয়রা, কে ওই যুবক-যুবতী?
    News18 বাংলা | ০৩ আগস্ট ২০২৬
  • মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার গদাইপুর এলাকায় রেললাইন থেকে এক যুবক ও এক যুবতীর দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা রেললাইনের ধারে পাশাপাশি দু’টি দেহ পড়ে থাকতে দেখে রেল পুলিশ এবং রঘুনাথগঞ্জ থানায় খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ ও স্থানীয় থানার পুলিশ। পরে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত মৃত যুবক ও যুবতীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তাঁদের পরিচয় জানার পাশাপাশি পরিবারের সন্ধানেও তল্লাশি শুরু হয়েছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা ও প্রাথমিক প্রমাণ সংগ্রহ করেছেন তদন্তকারী আধিকারিকরা। আশপাশের এলাকার বাসিন্দাদের সঙ্গেও কথা বলা হচ্ছে।

    প্রাথমিকভাবে এই মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। এটি ট্রেন দুর্ঘটনা, আত্মহত্যা নাকি অন্য কোনও অপরাধমূলক ঘটনার ফল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখছে। তদন্তের স্বার্থে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং অন্যান্য তথ্যও সংগ্রহ করা হচ্ছে।

    পুলিশের মতে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। এই ঘটনার জেরে গদাইপুর-সহ গোটা রঘুনাথগঞ্জ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রেল পুলিশ ও রঘুনাথগঞ্জ থানার পুলিশ যৌথভাবে ঘটনার তদন্ত চালাচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ নিয়ে কোনও চূড়ান্ত মন্তব্য করতে নারাজ তদন্তকারীরা। ঘটনায় ছড়িয়েছে বড় আতঙ্ক৷ চলছে তদন্ত৷
  • Link to this news (News18 বাংলা)