শান্তিপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দম্পতি, তদন্তে পুলিশ
News18 বাংলা | ০৩ আগস্ট ২০২৬
সাত সকালে নদিয়ার শান্তিপুরে ১২ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক দম্পতি। মঙ্গলবার ভোরে শান্তিপুর বাইপাস সংলগ্ন বাথনা ব্রিজের উপর ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। ওই দম্পতি আপেল বোঝাই একটি লরিতে করে হিমাচল প্রদেশ থেকে বনগাঁর উদ্দেশে যাচ্ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, ভোরের দিকে তাঁরা রাস্তার ধারে একটি লরির সামনের অংশ দুমড়ে-মুচড়ে পড়ে থাকতে দেখেন। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির কেবিনের ভিতরে একজন পুরুষ ও একজন মহিলা আটকে ছিলেন। সঙ্গে সঙ্গে শান্তিপুর থানায় এবং শান্তিপুর ট্রাফিক গার্ডে খবর দেওয়া হয়। পুলিশ ও ট্রাফিক বিভাগের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।
পুলিশ দুর্ঘটনাগ্রস্ত লরির কেবিন কেটে ওই দুজনকে বের করে আনলেও ততক্ষণে তাঁদের মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মঙ্গলবার ভোর প্রায় ৫টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। মৃত দুজন স্বামী-স্ত্রী বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, উত্তরপ্রদেশের নম্বরযুক্ত ওই লরিটি হিমাচল প্রদেশ থেকে আপেল বোঝাই করে বনগাঁর দিকে যাচ্ছিল। প্রাথমিক তদন্তে অনুমান, সামনে চলা একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারার ফলেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ধাক্কার তীব্রতায় লরির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং কেবিনে থাকা স্বামী-স্ত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে। পাশাপাশি নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগের উদ্যোগ নেওয়া হয়েছে। লরির মালিককেও দুর্ঘটনার বিষয়ে জানানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
ঘটনার পর কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ ও ট্রাফিক কর্মীরা দুর্ঘটনাগ্রস্ত লরিটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। কী কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন, নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। দুর্ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য তথ্যও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।