• জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা... দুমড়ে-মুচড়ে গেল লরি! নিমেষে সব শেষ, মৃত দম্পতি
    News18 বাংলা | ০৩ আগস্ট ২০২৬
  • নদিয়ার শান্তিপুরে ১২ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক দম্পতি। মঙ্গলবার ভোরে শান্তিপুর বাইপাস সংলগ্ন বাথনা ব্রিজের উপর ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আপেলবোঝাই একটি লরিতে করে হিমাচল প্রদেশ থেকে বনগাঁর দিকে যাচ্ছিলেন ওই দম্পতি।

    স্থানীয়দের দাবি, ভোরবেলা তাঁরা রাস্তার ধারে একটি লরির সামনের অংশ দুমড়ে-মুচড়ে থাকতে দেখেন। কেবিনের ভিতরে এক পুরুষ ও এক মহিলা আটকে ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ ও ট্রাফিক গার্ডের কর্মীরা। দীর্ঘ চেষ্টার পর লরির কেবিন কেটে দু’জনকে উদ্ধার করা হলেও ততক্ষণে তাঁদের মৃত্যু হয়েছে।

    প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মঙ্গলবার ভোর প্রায় ৫টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। মৃত দু’জন স্বামী-স্ত্রী বলে জানা গিয়েছে। উত্তরপ্রদেশের নম্বরযুক্ত লরিটি হিমাচল প্রদেশ থেকে আপেল বোঝাই করে বনগাঁর দিকে যাচ্ছিল। তদন্তকারীদের অনুমান, সামনে চলা একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারাতেই এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতায় লরির কেবিন সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই প্রাণ হারান দম্পতি। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং লরির মালিককেও দুর্ঘটনার বিষয়টি জানানো হয়েছে।

    দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য ১২ নম্বর জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে দুর্ঘটনাগ্রস্ত লরিটি সরিয়ে স্বাভাবিক হয় যান চলাচল। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, চালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন কি না, অথবা অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ-সহ সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।
  • Link to this news (News18 বাংলা)