• রাতে কটা পর্যন্ত খুলে রাখা যায় বার, কী বলছে সরকারি নিয়ম? জানিয়ে দিলেন রাজ্যের মন্ত্রী
    News18 বাংলা | ০৩ আগস্ট ২০২৬
  • নির্দিষ্ট সময়ের পরেও খুলে রাখা হচ্ছে বার বা পানশালা৷ স্থানীয় বাসিন্দাদের থেকে এমন অভিযোগ পেয়েই বিষয়টি নিয়ে পুলিশকে খোঁজখবর নিতে নির্দেশ দেন শিলিগুড়ির বিধায়ক এবং রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ৷ সেই মতো শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে শহরের বিভিন্ন পানশালায় অভিযান চালায়৷

    পুলিশের এই তল্লাশির পরই পানশালা খুলে রাখার সময়সীমা নিয়ে মুখ খুলেছেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ৷ তিনি জানিয়েছেন, সাধারণ নিয়মে রাত ১২ টা পর্যন্তই পানশালা খুলে রাখার কথা৷ কিন্তু আবগারি দফতরে অতিরিক্ত অর্থ বা ফি জমা করে অতিরিক্ত দু ঘণ্টা পানশালা খুলে রাখার অনুমতি নিতে পারে পানশালাগুলি৷ সরকারি নিয়মেই সেই সুযোগ রয়েছে৷ এই অনুমতি যাদের কাছে রয়েছে সেই পানশালাগুলি রাত ২ টো পর্যন্ত খুলে রাখা যায় বলেই জানিয়েছেন মন্ত্রী৷

    শঙ্কর ঘোষ বলেন, শিলিগুড়ি পুলিশ কমিশনারেট থেকে আমায় জানানো হয়েছে, রাত ১২ টা পর্যন্ত পানশালা খুলে রাখাই নিয়ম৷ কিন্তু আবগারি দফতরকে অতিরিক্ত অর্থ দিয়ে রাত ২টো পর্যন্ত পানশালা খুলে রাখা যায়৷ কিন্তু রাত ২টোর পর পানশালা খুলে রাখা পুরোপুরি আইন বিরুদ্ধ৷

    মন্ত্রী আরও জানিয়েছেন, তবে আমি পুলিশকে বলেছি, পানশালাগুলি সময় মতো বন্ধ করা হচ্ছে কি না, তা দেখতে নিয়মিত কাউকে কিছু না জানিয়ে যাতে আচমকা অভিযান চালানো হয়৷

    জানা গিয়েছে, শিলিগুড়ি নির্দিষ্ট সময়ের বাইরে পানশালা বা বার খুলে রাখা হচ্ছে, এই অভিযোগ পেয়ে নিজেই খোঁজখবর শুরু করেন পর্যটন মন্ত্রী৷ নিজেই শিলিগুড়ির পুলিশ কমিশারের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা সম্পর্কে জানতে চান শঙ্কর ঘোষ৷ অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নিতেও অনুরোধ করেন তিনি৷ এর পরই পুলিশের পক্ষ থেকে অভিযান চালানো হয়৷ তবে আইনের বাইরে গিয়ে কেউ কিছু করলে কোনওভাবেই রেয়াত করা হবে না বলেও আশ্বস্ত করেছেন মন্ত্রী৷
  • Link to this news (News18 বাংলা)