গোবিন্দভোগ চালের বীজে চোরের নজর! রাত বাড়তেই গায়েব বিঘার পর বিঘা ধানের চারা, মাথায় হাত চাষির
News18 বাংলা | ০৩ আগস্ট ২০২৬
: একদিকে প্রাকৃতিক দুর্যোগে বীজতলা নষ্ট হয়ে চরম বীজ সংকটে ভুগছেন চাষিরা। অন্যদিকে সেই সংকটের সুযোগেই রাতের অন্ধকারে চুরি হয়ে গেল গোবিন্দভোগ ধানের বীজ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের রায়না থানার গোপীনাথপুর এলাকায়।
অভিযোগ, গোপীনাথপুরের জাগুলগড় ক্যানেল মাঠে চাষি উৎপল রায় সাত বিঘা জমিতে রোপণের জন্য গোবিন্দভোগ ধানের বীজতলা তৈরি করেছিলেন। সবকিছুই স্বাভাবিক ছিল। কিন্তু রাত সাড়ে ১২টা থেকে ভোরের মধ্যে দুষ্কৃতীরা বীজতলা থেকে প্রায় সাত বিঘা জমিতে রোপণের উপযোগী ধানের বীজ তুলে নিয়ে পালিয়ে যায়।
চাষি উৎপল রায় জানান, রাত সাড়ে ১১টা পর্যন্ত তাঁর কর্মীরা মাঠে ছিলেন। তখন কোনও সমস্যা ছিল না। ভোরে খবর পেয়ে মাঠে এসে দেখেন, বীজতলা কার্যত খালি। এই ঘটনায় তিনি হতবাক ও আতঙ্কিত। কারণ, বর্তমান পরিস্থিতিতে নতুন করে এত পরিমাণ গোবিন্দভোগ ধানের বীজ জোগাড় করা অত্যন্ত কঠিন। তিনি আরও বলেন, গত বছর বন্যার সময় বহু চাষির বীজ নষ্ট হয়ে যাওয়ায় নিজের বীজতলা থেকেই প্রায় ৮০ জন চাষিকে বীজ দিয়েছিলেন। অথচ এবার সেই বীজই চুরি হয়ে যাওয়ায় তাঁর নিজের চাষই অনিশ্চয়তার মুখে পড়েছে। ঘটনার পর রায়না থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন উৎপল রায়। তাঁর দাবি, ঘটনাস্থলের পাশ দিয়েই সেহারাবাজার-শ্যামসুন্দর সংযোগকারী প্রধান রাস্তা রয়েছে। তাই আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখলে অভিযুক্তদের শনাক্ত করা সম্ভব হতে পারে। দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেফতারের আবেদন জানিয়েছেন তিনি।
এদিকে এমন ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে এলাকার অন্যান্য চাষিদের মধ্যে। একদিকে বীজের তীব্র সংকট, অন্যদিকে চাষের মরশুমের ঠিক আগে বীজ চুরির ঘটনায় চাষিদের নিরাপত্তা ও ফসলের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।এখন দেখার, পুলিশি তদন্তে ধানের বীজ চুরির রহস্যের কিনারা হয় কি না এবং ক্ষতিগ্রস্ত কৃষক ন্যায়বিচার পান কি না।