একটি মামলায় আগাম জামিনের আর্জি মঞ্জুর হলেও, অস্বস্তি বহাল রইল সুমিত রায়ের। ডেবরার ঘটনায় আগাম জামিন পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়। তবে শালবনির মামলায় আগাম জামিনের আবেদন খারিজ হয়ে গেল। সোমবার কলকাতা হাইকোর্টে সুমিতের আগাম জামিনের আর্জি মামলার শুনানি ছিল। এ দিন আদালতে একটি মামলায় স্বস্তি পেলেও দ্বিতীয়টি গলার কাঁটা হয়েই ঝুলে রইল।
শালবনিতে সরকারি জমির ভুয়ো নথি বানিয়ে বিক্রির মামলায় সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিচারপতির পর্যবেক্ষণ, এখনও পর্যন্ত গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের বয়ান এবং তথ্যের ভিত্তিতে আদালতের মনে হয়েছে সুমিত রায়ের আগাম জামিন মঞ্জুর করা ঠিক হবে না।
পশ্চিম মেদিনীপুরের ডেবরায় টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ সংক্রান্ত মামলায় আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। সুমিত রায়কে ১০ দিনের মধ্যে তদন্তকারী আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করতে নির্দেশ দিয়েছে কোর্ট।